চীন ও অস্ট্রেলিয়া পরস্পরের আস্থাশীল অংশীদার হওয়া উচিত: সি চিন পিং - Mati News
Sunday, November 22

চীন ও অস্ট্রেলিয়া পরস্পরের আস্থাশীল অংশীদার হওয়া উচিত: সি চিন পিং

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শুক্রবার বলেছেন যে, চীন ও অস্ট্রেলিয়ার একে অপরের ওপর আস্থাশীল এবং একে অপরের সাফল্যে সহায়তাকারী অংশীদার হওয়া উচিত। কারণ, এই দুই দেশের মধ্যে কোনো ঐতিহাসিক ক্ষোভ বা মৌলিক স্বার্থের সংঘাত নেই।

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সাক্ষাতের সময় প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক স্থিতিশীল রয়েছে।

আলবানিজ ৩৩তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার (এপেক) ইকোনমিক লিডার্স মিটিংয়ে যোগ দিতে চীনে এসেছেন; বৈঠকটি বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

আগামী বছর চীন ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী হওয়ায়, সি উভয়পক্ষকে একটি নতুন সূচনা বিন্দু থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরও বড় অগ্রগতি অর্জনের আহ্বান জানান।

সি বলেন, বর্তমান অস্থির ও উত্তাল বিশ্বে উভয় দেশের উচিত পারস্পরিক আস্থা বৃদ্ধি করা, একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া এবং বন্ধুত্ব ও সহযোগিতার সঠিক পথে অটল থাকা।

তিনি উভয় দেশের নিজ নিজ উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য পারস্পরিক লাভজনক সহযোগিতাকে আরও গভীর করার আহ্বান জানান। এ ছাড়া, কৃষি, জ্বালানি ও খনিজ সম্পদের মতো ঐতিহ্যবাহী খাতে সহযোগিতাকে এগিয়ে নেওয়া এবং সবুজ অর্থনীতি, নতুন জ্বালানি, ডিজিটাল শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় নতুন উদীয়মান ক্ষেত্রগুলোতে সহযোগিতার পরিধি বাড়ানোর ওপর জোর দেন তিনি।

সি আরও বলেন, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে হবে। তিনি উল্লেখ করেন যে, উভয়পক্ষ ২০২৭ সালকে ‘চীন-অস্ট্রেলিয়া পর্যটন বর্ষ’ হিসেবে ঘোষণা করতে সম্মত হয়েছে। তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় সমন্বয় জোরদার করার, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে একটি সম্প্রদায় হিসেবে গড়ে তোলার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার এবং জাতিসংঘের কেন্দ্রবিন্দুতে থাকা আন্তর্জাতিক ব্যবস্থাকে ও আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা আন্তর্জাতিক শৃঙ্খলাকে সম্মিলিতভাবে সমুন্নত রাখার ওপর জোর দেন।

অ্যালবানিজ বলেন, অস্ট্রেলিয়া-চীন সম্পর্কের উন্নতি ও বিকাশ উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে এবং উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে আনে।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া চীনের সঙ্গে উচ্চপর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে, বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য ক্ষেত্রে কার্যকর সহযোগিতা জোরদার করতে, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ গভীর করতে, একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে এবং মতপার্থক্যগুলো যথাযথভাবে মোকাবিলা করতে প্রস্তুত। এর লক্ষ্য হলো, ভিন্ন ভিন্ন শাসনব্যবস্থা থাকা সত্ত্বেও দেশগুলোর মধ্যে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অস্ট্রেলিয়া-চীন সম্পর্ককে একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করা।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *