অস্ট্রেলিয়ার সঙ্গে স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ গড়তে চীনা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি - Mati News
Sunday, November 22

অস্ট্রেলিয়ার সঙ্গে স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ গড়তে চীনা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং শুক্রবার বলেছেন, স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদানের পথে বাধা দূর করতে এবং উভয় দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতার জন্য একটি অনুকূল পরিবেশ ও স্থিতিশীল প্রত্যাশা তৈরি করতে চীন, অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত।

বেইজিংয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে নবম ‘চীন-অস্ট্রেলিয়া সিইও রাউন্ডটেবিল’ বৈঠকে যোগ দেওয়ার সময় লি ছিয়াং এ কথা বলেন।

প্রধানমন্ত্রী লি বলেন, গত এক বছরে উভয় দেশের নেতাদের কৌশলগত নির্দেশনায় চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য নতুন অগ্রগতি অর্জিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাণিজ্যে তীব্র বিঘ্ন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতির মধ্যেও এই অর্জনগুলো সম্ভব হয়েছে, যা দ্বিপাক্ষিক সহযোগিতার অন্তর্নিহিত শক্তিশালী গতিকেই স্পষ্টভাবে তুলে ধরে।

লি আরও বলেন, বাস্তব অভিজ্ঞতা বারবার প্রমাণ করেছে যে, চীন ও অস্ট্রেলিয়ার অর্থনৈতিক শক্তি একে অপরের পরিপূরক এবং তাদের মধ্যে ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে। এর ফলে তারা একে অপরের জন্য স্বাভাবিক অংশীদার হয়ে উঠেছে এবং একে অপরের উন্নয়নের সুযোগ সৃষ্টি করেছে।

বিশ্বব্যাপী উন্নয়নের ক্ষেত্রে এখনো অনেক অনিশ্চয়তা রয়েছে উল্লেখ করে লি বলেন, এমন অনিশ্চিত সময়ে স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পারস্পরিকভাবে লাভজনক ও আরও বিস্তৃত এবং উচ্চতর পর্যায়ের সহযোগিতা অর্জনের লক্ষ্যে চীন ও অস্ট্রেলিয়ার উচিত তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করা।

প্রধানমন্ত্রী লি তিনটি মূল ক্ষেত্রে সহযোগিতা গভীর করার আহ্বান জানান।

প্রথমত, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে উভয় দেশেরই ‘ভোগের মানোন্নয়ন’-এর ওপর গুরুত্ব দেওয়া উচিত। কৃষি ও খাদ্যপণ্যের মতো প্রচলিত বাণিজ্যের ক্ষেত্রগুলোকে আরও সুসংহত ও সম্প্রসারিত করার পাশাপাশি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রবীণদের যত্ন, বায়োমেডিসিন এবং উন্নত চিকিৎসা সেবার মতো খাতগুলোতে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগাতে হবে। এছাড়া, মানুষের জীবনব্যাপী বিভিন্ন চাহিদা পূরণের জন্য আরও উন্নত মানের পণ্য ও সেবা গড়ে তুলতে হবে।

দ্বিতীয়ত, উভয়পক্ষের উচিত উদ্ভাবনমূলক সহযোগিতাকে জোরদার করা, বিশেষ করে ডিজিটাল ও বুদ্ধিভিত্তিক প্রযুক্তির ক্ষেত্রে। উদ্ভাবনের ক্ষেত্রে তাদের নিজ নিজ শক্তিকে আরও ভালোভাবে সমন্বিত করা, পারস্পরিক সক্ষমতা বৃদ্ধি করা এবং নতুন প্রযুক্তির প্রয়োগ ও শিল্পায়নের ক্ষেত্রে সহযোগিতাকে গভীর করা প্রয়োজন। এর মাধ্যমে গবেষণালব্ধ ফলাফলকে দ্রুত নতুন পণ্য ও ব্যবসায়িক অর্ডারে রূপান্তর করা সম্ভব হবে এবং উভয় দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো উদ্ভাবন থেকে প্রাপ্ত সুফল আরও ভালোভাবে ভাগ করে নিতে পারবে।

তৃতীয়ত, টেকসই উন্নয়নের লক্ষ্যে উভয় দেশের উচিত সবুজ ও স্বল্প-কার্বন রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতাকে আরও গভীর করা। তাদের যৌথভাবে প্রতিযোগিতামূলক সবুজ পণ্য তৈরি করা, সবুজ ইস্পাত সরবরাহ শৃঙ্খল এবং নতুন জ্বালানিচালিত যানবাহনের শিল্প ও সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা, তৃতীয় পক্ষের বাজারে যৌথভাবে অনুসন্ধান চালানো এবং বৈশ্বিক সবুজ মূল্য শৃঙ্খলে নিজেদের অবস্থান আরও উন্নত করা উচিত।

লি জোর দিয়ে বলেন যে, চীন সরকার অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক পথে থাকে, পারস্পরিক লাভজনক সহযোগিতা মূল ধারা হিসেবে বজায় থাকে এবং স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদানের পথে সৃষ্ট বাধাগুলো দূর হয়। এর উদ্দেশ্য হলো ব্যবসায়িক সহযোগিতার জন্য একটি অনুকূল পরিবেশ ও স্থিতিশীল প্রত্যাশা তৈরি করা।

লি বলেন, বহির্বিশ্বের জন্য চীনের দরজা আরও উন্মুক্ত হবে এবং আরও বেশি অস্ট্রেলীয় কোম্পানিকে চীনা বাজারে তাদের উপস্থিতি আরও গভীর করার জন্য স্বাগত জানানো হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন যে, উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায় পারস্পরিক লাভজনক সহযোগিতার অগ্রদূত এবং দ্বিপাক্ষিক বন্ধুত্বের প্রবর্তক হিসেবে কাজ চালিয়ে যাবে এবং চীন-অস্ট্রেলিয়া অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় নতুন সাফল্য অর্জনে সহায়তা করবে।

অ্যালবানিজ বলেন, চীন অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে এবং উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে আনে।

অ্যালবানিজ উল্লেখ করেন যে, আগামী বছর অস্ট্রেলিয়া ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী পালিত হবে। তিনি বলেন, এই সুযোগকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ রূপান্তর ও আধুনিক কৃষির মতো ক্ষেত্রে চীনের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতাকে আরও জোরদার করতে এবং জনগণের মধ্যে ও সাংস্কৃতিক আদান-প্রদানকে গভীর করতে প্রস্তুত।

তিনি আশা প্রকাশ করেন যে, উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায় একে অপরের কাছ থেকে শিখবে, একে অপরের অভিজ্ঞতাকে কাজে লাগাবে, সহযোগিতার পরিধি বাড়াবে এবং অস্ট্রেলিয়া-চীন সম্পর্কের উন্নয়নে আরও বড় অবদান রাখবে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *