চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে প্রস্তুত চীন: প্রতিরক্ষা মন্ত্রণালয় - Mati News
Saturday, October 10

চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে প্রস্তুত চীন: প্রতিরক্ষা মন্ত্রণালয়

রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল ভিত্তি। একই সঙ্গে দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়নে দিকনির্দেশনা দিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ (শনিবার) বিকেলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি সামরিক বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছিলেন, দুই দেশের সামরিক বাহিনীর নিয়মিত সংলাপ বজায় রাখা এবং সংকটকালীন যোগাযোগ ও প্রতিরোধব্যবস্থা উন্নত করা প্রয়োজন।

চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরবর্তী পর্যায়ের যোগাযোগ বিষয়ক একটি প্রশ্নের জবাবে ছেন সি বলেন, চীনের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করতে প্রস্তুত। এ লক্ষ্যে যোগাযোগ ও সংলাপ জোরদার, পারস্পরিক বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ এবং মতপার্থক্য যথাযথভাবে নিয়ন্ত্রণে কাজ করবে চীন।

তিনি আরও বলেন, এর মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ককে স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া এবং সম্মান, ন্যায্যতা ও পারস্পরিকতার ভিত্তিতে চীন-যুক্তরাষ্ট্রের গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক শক্তি ও নতুন গতি সঞ্চার করা সম্ভব হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *