তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন ক্ষমতা’ বা ‘ওভারক্যাপাসিটি’র অজুহাতে যেকোনো ধরনের বাণিজ্য সংরক্ষণবাদের কঠোর বিরোধিতা করেছে চীন। একই সাথে, এই অযুহাত তুলে যেসব দেশ চীনের স্বার্থ ক্ষুণ্ন করার নীতি গ্রহণ করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বেইজিং।
শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য নীতি নিয়ে বেইজিংয়ের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় গত বুধবার ১৪টি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে তথাকথিত “কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং উৎপাদন” বিষয়ক একটি যৌথ মন্ত্রীপর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করে। এর জের ধরেই চীন বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের এই কঠোর প্রতিক্রিয়া জানায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার বিষয়ে চীন ইতোপূর্বেও একাধিকবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এবং চলতি বছরের জুলাই মাসে এ বিষয়ে একটি বিস্তারিত নীতিপত্র প্রকাশ করেছে।
চীনা মুখপাত্রের মতে, উৎপাদন ক্ষমতার বিষয়টি সার্বিক, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা উচিত। নিজস্ব শিল্প খাতের প্রতিযোগিতা এবং বাজার হারানোর ভয়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়কে রাজনীতিকীকরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সূত্র: সিএমজি




















