বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশগুলো থেকে চীনের আমদানি বেড়েছে ১৭.৯ শতাংশ - Mati News
Wednesday, November 11

বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশগুলো থেকে চীনের আমদানি বেড়েছে ১৭.৯ শতাংশ

নভেম্বর ১১: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ পর্যন্ত চীন ১৫০টিরও বেশি দেশ এবং ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলো থেকে চীনের আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৯ শতাংশ বেড়েছে।

এ পর্যন্ত চীন-ইউরোপ মালবাহী ট্রেনের মোট চলাচল ১ লাখ ৪০ হাজার ট্রিপ ছাড়িয়েছে। এসব ট্রেন ইউরোপের ২৬টি দেশের ২৩৭টি শহরে পৌঁছেছে। চীনের আন্তর্জাতিক কনটেইনার জাহাজ চলাচল রুট বিশ্বের ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে বিস্তৃত হয়েছে। অন্যদিকে, ‘আকাশপথে সিল্ক রোড’ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের ৬৬টি দেশের ১৫৯টি শহরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। ফলে অবকাঠামোগত সংযোগ আরও বিস্তৃত ও কার্যকর হয়েছে।

২০২৪ সাল থেকে বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশগুলোর সঙ্গে চীনের পণ্য বাণিজ্যের পরিমাণ দেশের মোট বৈদেশিক বাণিজ্যের ৫০ শতাংশের বেশি হয়েছে। যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় বাজারের মধ্যে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার ক্ষেত্রে এটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করছে।

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের আঞ্চলিক উন্মুক্তকরণ বিভাগের মহাপরিচালক লিয়াং লিনছং বলেন, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশগুলো থেকে চীনের আমদানি বেড়েছে ১৭.৯ শতাংশ, যা এসব দেশে চীনের রপ্তানি প্রবৃদ্ধির চেয়ে ১.৩ শতাংশ বেশি। এতে দুই পক্ষের মধ্যে পারস্পরিক বাণিজ্য ও সহযোগিতা এবং উভয়ের জন্য লাভজনক সম্পর্কের প্রবণতা আরও স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, চীন বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের উদ্যোগও সক্রিয়ভাবে এগিয়ে নিচ্ছে। পাশাপাশি শুল্ক, পরিদর্শন ও কোয়ারেন্টাইন, সার্টিফিকেশন এবং স্বীকৃতির মতো ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করছে। এর ফলে বাণিজ্যের স্বাধীনতা ও সহজীকরণের মাত্রা ক্রমাগত বাড়ছে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *