মেইলি স্নো মাউন্টেনে সোনালি সূর্যোদয়, অপার সৌন্দর্য অবলোকনে পর্যটকদের ভিড় - Mati News
Monday, November 23

মেইলি স্নো মাউন্টেনে সোনালি সূর্যোদয়, অপার সৌন্দর্য অবলোকনে পর্যটকদের ভিড়

সাকিব সিকান্দার

ভোরের কুয়াশা ভেদ করে উদীয়মান সূর্যের প্রথম কিরণ যখন বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় পড়ে, তখন পুরো পর্বতমালা রূপ নেয় এক অপার্থিব সোনালি আভায়। প্রকৃতির এই বিরল ও মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে শরতের ছুটিতে দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের তেছেন কাউন্টির মেইলি স্নো মাউন্টেনে ঢল নেমেছে বিপুলসংখ্যক পর্যটকের।

প্রতি বছর অক্টোবর মাস থেকে এই অঞ্চলে বৃষ্টিপাত কমে আসার পাশাপাশি আকাশ পরিষ্কার হতে শুরু করে, যা মেইলি স্নো মাউন্টেন দেখার সবচেয়ে উপযুক্ত সময়। ভোরের সূর্যের আলোয় তুষারাবৃত চূড়াগুলো সোনালি রং ধারণ করে, যা পর্যটকদের কাছে এক স্বপ্নের মতো দৃশ্য।

পাহাড়ের এই রূপ দেখার অন্যতম প্রধান স্থান ‘ফেইলাই টেম্পল ভিউয়িং প্ল্যাটফর্ম’ সকাল ৭টার মধ্যেই দর্শনার্থীদের ভিড়ে পূর্ণ হয়ে যায়। হিমেল হাওয়া উপেক্ষা করে মোটা শীতের পোশাক পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা অপেক্ষা করেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য। সকালের কুয়াশা ধীরে ধীরে কেটে গিয়ে মেঘের আড়াল থেকে যখন সোনালি চূড়াগুলো দৃশ্যমান হয়ে ওঠে, তখন সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন সবাই।

শুধু সূর্যোদয় নয়, ভোরের আগে তারাভরা আকাশও মুগ্ধ করছে ভ্রমণপিপাসুদের। এক পর্যটক নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, “আমি ভোর ৪টা ৫০ মিনিটের কিছু পরে এখানে পৌঁছেছি। তারাভরা আকাশ দেখেছি। দৃশ্যটি ছিল অসাধারণ। নিজের এলাকায় এমন আকাশ কখনোই দেখা যায় না।”

আরেক পর্যটক বলেন, “শরতের ছুটিতে মেইলি স্নো মাউন্টেনের সৌন্দর্য এবং মালভূমির প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আমরা এখানে এসেছি।”

সূর্যোদয় উপভোগের পর পর্যটকরা আশপাশের দোকানগুলো থেকে স্থানীয় স্মারক ও উপহারসামগ্রী সংগ্রহ করেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ফেইলাই টেম্পল পর্যটন এলাকার সড়কগুলো রঙিন আলোয় ঝলমল করে ওঠে। বাতাসে ভেসে বেড়ায় স্থানীয় খাবারের সুগন্ধ। বরফে ঢাকা পাহাড়কে পেছনে রেখে পর্যটকরা একসঙ্গে বসে আড্ডা ও মনোরম পরিবেশ উপভোগ করেন।

প্রাকৃতিক সৌন্দর্যের এই আকর্ষণে পর্যটক সমাগমের পাশাপাশি বেড়েছে পর্যটন খাতের আয়ও। পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মেইলি স্নো মাউন্টেন ন্যাশনাল পার্কে পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৯০০ জনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৬৯ শতাংশ বেশি। এ সময়ে পার্কটির আয় হয়েছে ৩ কোটি ৮ লাখ ৮০ হাজার ইউয়ানের বেশি (প্রায় ৪৬ লাখ মার্কিন ডলার), যা আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৬৪ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *