সাকিব সিকান্দার
দক্ষিণ চীনের প্রযুক্তি নগরী শেনচেনের স্মার্ট প্রযুক্তিপণ্যগুলো এখন ‘নতুন স্থানীয় বিশেষ পণ্য’ হিসেবে পরিচিতি পাচ্ছে। বিদেশি পর্যটকদের কাছেও এসব পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে শেনচেনের ইলেকট্রনিকস বাজারে আন্তর্জাতিক ক্রেতাদের আনাগোনা বেড়েছে। এশিযা-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের আয়োজক শহর হিসেবে শেনচেন এখন বিশ্বজুড়ে বিশেষ মনোযোগ আকর্ষণ করছে। একইসঙ্গে বিদেশি দর্শনার্থীদের আগমনও বেড়েছে।
শেনচেনের হ্যংকাং গ্লাসেস সিটিতে বর্তমানে জনপ্রিয় পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য এই স্মার্ট চশমা বিদেশি পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করছে। অনেকেই এসব চশমা দেখতে এবং ব্যবহার করে দেখতে ভিড় করছেন।
হ্যংকাং গ্লাসেস সিটির একটি এআই চশমা বিপণন বিভাগের প্রধান ইউয়ান ইয়িংচিয়ে বলেন, ‘বিদেশি ক্রেতারা বিশেষ করে অতি হালকা ওজনের এই এই স্মার্ট চশমার প্রতি বেশ আগ্রহী। সম্মেলন চলাকালে আমাদের দোকানে আন্তর্জাতিক ক্রেতাদের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বৃদ্ধির হার ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে। এখানে আসা বিদেশি ক্রেতাদের অধিকাংশই মধ্য এশিয়া, ইউরোপ ও আমেরিকার। এ ছাড়া জাপান ও রিপাবলিক অব কোরিয়াসহ (আরওকে) বিভিন্ন দেশের অনেক মানুষও আসছেন।’
বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান তাৎক্ষণিক প্রস্থানকালীন কর ফেরত দেওয়ার (ডিপারচার ট্যাক্স রিফান্ড) সেবা চালু করেছে। এর ফলে কয়েক মিনিটের মধ্যেই কর ফেরত পাওয়া যাচ্ছে।
একটি শপিং মলের নানশান শাখার ব্যবস্থাপক ফু চিয়া ইয়ুয়ান বলেন, ‘এখানেই সরাসরি প্রস্থানকালীন কর ফেরত দেওয়ার নীতি কার্যকর করা যাচ্ছে। ক্রেতারা মূলত দেশীয় অত্যাধুনিক প্রযুক্তিপণ্য কিনেছেন। এসব পণ্যের নকশা আকর্ষণীয় এবং দামও তুলনামূলক সাশ্রয়ী।’
প্রস্থানকালীন কর ফেরত দেওয়ার নীতির সুফল আরও বিস্তৃত হচ্ছে। এর মাধ্যমে চীনের ‘নতুন স্থানীয় বিশেষ পণ্য শেনচেন থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে।
সিএমজি


















