কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পরিবেশবান্ধব উন্নয়নের মতো খাতগুলোতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী চীন। রোববার সিঙ্গাপুরে দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের সঙ্গে বৈঠকে এ কথা জানান চীনের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং সুয়েসিয়াং সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী গান কিম ইয়ংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতাবিষয়ক বৈঠকে যৌথ-সভাপতিত্ব করতে বর্তমানে সিঙ্গাপুর সফরে রয়েছেন।
বৈঠকে তিং সুয়েসিয়াং সম্প্রতি লরেন্স ওংয়ের সফল চীন সফর এবং এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকে যোগদানের জন্য তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের দিকনির্দেশনায় চীন-সিঙ্গাপুর দ্বিপাক্ষিক সহযোগিতাবিষয়ক বৈঠকগুলো ক্রমাগত নতুন মাত্রা পাচ্ছে এবং নতুন সাফল্য বয়ে আনছে।
দ্বিপাক্ষিক সম্পর্কের জনভিত্তি আরও সুদৃঢ় করতে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের ঘনিষ্ঠ বিনিময়ের এই ইতিবাচক ধারা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন চীনা উপ-প্রধানমন্ত্রী।
অন্যদিকে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং আশা প্রকাশ করেন, দ্বিপাক্ষিক সহযোগিতাবিষয়ক এই বৈঠকগুলো উভয় পক্ষের সর্বাত্মক সহযোগিতাকে আরও সুসংহত ও প্রসারিত করবে।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি এবং অন্যান্য খাতে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে সিঙ্গাপুর উন্মুখ হয়ে আছে। পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া বাড়াতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময় আরও বাড়ানো উচিত বলে তিনি মত দেন।
আগামী বছর সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের পালাক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে উল্লেখ করে লরেন্স ওং জানান, এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে আসিয়ান-চীন সহযোগিতা এগিয়ে নিতে সিঙ্গাপুর প্রস্তুত রয়েছে।
সিএমজি



















