সাইবার সন্ত্রাসবাদ মোকাবিলায় চীনে এসসিওভুক্ত দেশগুলোর যৌথ মহড়া - Mati News
Thursday, August 6

সাইবার সন্ত্রাসবাদ মোকাবিলায় চীনে এসসিওভুক্ত দেশগুলোর যৌথ মহড়া

সাইবার সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ সক্ষমতা জোরদার করতে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিনিধিরা চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমছিতে অনুষ্ঠিত যৌথ সাইবার সন্ত্রাসবিরোধী মহড়ায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এ তথ্য জানায়।

‘থিয়ানশান-২০২৬’ নামে আয়োজিত এ মহড়ায় সন্ত্রাসবাদের পরিবর্তিত বৈশিষ্ট্য—বিশ্বায়ন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর তৎপরতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মহড়ায় এমন পরিস্থিতির অনুশীলন করা হয় যেখানে সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী ও উগ্রপন্থি গোষ্ঠীগুলো ইন্টারনেট ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

অনুশীলনের অংশ হিসেবে একটি কাল্পনিক আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্রবাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়া, সদস্য সংগ্রহ এবং এসসিওভুক্ত দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে—এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়। এতে অংশগ্রহণকারী দলগুলো অনলাইন নিরাপত্তা ঝুঁকি শনাক্ত, সন্দেহভাজনদের অনুসরণ এবং স্থলভিত্তিক আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সমন্বিত সহায়তা দেওয়ার অনুশীলন করে।

বাস্তব পরিস্থিতির প্রয়োজন বিবেচনায় তৈরি এই মহড়ায় একাধিক প্রশিক্ষণ পর্ব অন্তর্ভুক্ত ছিল। এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, আস্থা জোরদার এবং সাইবার সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা আরও শক্তিশালী করার সুযোগ পায়।

এসসিওভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা মহড়ার আয়োজনের জন্য চীনের প্রশংসা করেন। এসসিওর আঞ্চলিক সন্ত্রাসবিরোধী কাঠামোর নির্বাহী কমিটির উপ-পরিচালক কিশান সিং বলেন, এ মহড়া সদস্য দেশগুলোর যৌথভাবে সাইবার সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই মহড়াকে ভিত্তি করে এসসিও সদস্যদের মধ্যে সাইবার সন্ত্রাসবাদ দমনে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করা হবে। একই সঙ্গে অনলাইনে সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ পদক্ষেপ জোরদার করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাজ চালিয়ে যাবে চীন।

সূত্র: সিএমজি

A joint cyber anti-terrorism exercise among SCO member states is held in Urumqi, northwest China's Xinjiang Uygur Autonomous Region, July 23, 2026. /CMG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *