সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূতের বৈঠক - Mati News
Saturday, November 14

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূতের বৈঠক

নভেম্বরর ১৩: গতকাল (বৃহস্পতিবার) চীন সরকারের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত চাই চুন রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তাঁরা চীন-সৌদি সম্পর্ক এবং বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে গভীর মতবিনিময় করেন।

চাই চুন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সর্বোচ্চ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন ও সৌদি আরবের সার্বিক কৌশলগত অংশীদারত্ব দ্রুত এগিয়েছে। বর্তমানে ইয়েমেন ও লোহিত সাগরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়ন আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তিনি বলেন, চীন বরাবরই মনে করে, সংঘাতের বিস্তার ঘটানো উচিত নয় এবং যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে দেওয়া উচিত নয়। মুখোমুখি অবস্থান উত্তেজনা ও বিরোধ বাড়ায়, আর সংলাপই সঠিক পথ। সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে—এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায় চীন। মতপার্থক্য ও বিরোধ সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানেরও আহ্বান জানায় দেশটি।

চাই চুন আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত বিভিন্ন উদ্যোগ ও প্রস্তাবের ভিত্তিতে চীন উত্তেজনা প্রশমন এবং যুদ্ধ বন্ধে প্রচেষ্টা অব্যাহত রাখবে। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও কাজ করবে।

ফয়সাল বলেন, সৌদি আরব চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয়। চীন-সৌদি সার্বিক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ১০ বছর পূর্তিকে উপলক্ষ করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় সৌদি আরব।

তিনি বলেন, বর্তমানে আঞ্চলিক পরিস্থিতি জটিল ও সংবেদনশীল। এ অবস্থায় সংশ্লিষ্ট সব পক্ষের উচিত শান্তির নীতি অনুসরণ করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসা, যাতে সম্মিলিতভাবে আঞ্চলিক নিরাপত্তার একটি নতুন কাঠামো গড়ে তোলা যায়।

মধ্যপ্রাচ্য ইস্যুতে চীনের ন্যায়সঙ্গত অবস্থান এবং উত্তেজনা প্রশমনে দেশটির নিরলস প্রচেষ্টার উচ্চ প্রশংসা করেন ফয়সাল। আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার আগ্রহও প্রকাশ করেন তিনি।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *