‘চীন বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলন’-এ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। শুক্রবার চীনের থিয়েনচিনে ২০২৬ সালের এ উদ্ভোধনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভেট) খাতে জাতীয় রূপকল্প তুলে ধরেন।
সম্মেলনে শিক্ষামন্ত্রী বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি তিনটি আহ্বান জানান—উদীয়মান প্রযুক্তি ও পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে জাতীয় শিক্ষা ব্যবস্থা আরো অভিযোজনক্ষম ও গতিশীল করা; কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের বৈশ্বিক মানদণ্ড নিজ নিজ দেশের অর্থনীতি, শ্রমবাজারের বাস্তবতা এবং জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের আলোকে অভিযোজিত করতে পারা। সবশেষ- সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প খাত, নিয়োগদাতা, আন্তর্জাতিক সংস্থা এবং তরুণ সমাজকে অংশীদারিমূলক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণ করা।
উচ্চপর্যায়ের এ বৈশ্বিক সম্মেলনে ৪০টিরও বেশি দেশের শিক্ষামন্ত্রী এবং ১০০টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধিদল অংশ নেয়। উপস্থিত ছিলেন ইউনেস্কোর প্রতিনিধি, শিল্পখাতের শীর্ষ নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়প্রধান এবং বিভিন্ন অঞ্চলের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিশেষজ্ঞরাও।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের শিক্ষামন্ত্রী হুয়াই চিনপেং, চীনের রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং, থিয়েনচিনের মেয়র চাং কং, মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এবং ইউনেস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র: সিএমজি


















