এমন আশ্চর্য রাত (পর্ব ৪) - Mati News
Monday, November 23

এমন আশ্চর্য রাত (পর্ব ৪)

ধ্রুব নীলের ধারাবাহিক উপন্যাস এমন আশ্চর্য রাত এর চতুর্থ পর্ব

প্রথম পর্ব

দ্বিতীয় পর্ব

তৃতীয় পর্ব

‘চাচাজির লগে জিন আছে। পরী নাই। চাচাজির বয়স হইসে।’
লিপি বলল ‘বাবা তোমার বয়স কত?’
‘কী জানি। মনে হয় জ্বর আসতেছে।’
‘প্যারাসিটামল দুটা একসঙ্গে খাও। একটা খেয়ে হবে না। আমি এনে দিচ্ছি, দাঁড়াও।’
‘জিন যদি না থাকে, তাইলে নুরুল আলম তুই ক দেখি, চাচাজি কেমনে জানল আমরা মালিনিপুরে আটকা পড়সিলাম?’
লিপি বলল, ‘আসলেই তো। বাবা, কী করে জানল?’
নুরুল আলম ভাত খাওয়ার পর এক বাটি মুড়ি আর চা নিয়ে বসেছে। হারু উঠানে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছে। শীতের রাতে আগুন পোহাতে না পারলে শীতের অপমান।
জহির বিছানায় শুয়ে কম্বল পেঁচিয়ে বিড়বিড় করে বললেন, ‘তোর মা আইছিলরে লিপি। সে বইলা দিসে। সে সব জানে।’
ওষুধটা খাইয়ে লিপি তার রুমে গেল। ঘরের অনেক কাজ বাকি।
এই বাড়িতে মায়ের বিশেষ কোনো স্মৃতি মনে পড়ে না লিপির। সালেহা বেগম যখন মারা যান তখন লিপির বয়স আট বছর। স্মৃতি না থাকারই কথা। শুধু মাঝে মাঝে মনে হয় পাশের রুমে মাথা দুলিয়ে মা কোরআন পড়ছেন।
সালেহা বেগমের মৃত্যুর পর লিপিকে ঢাকায় নিয়ে যান জহিরের এক ফুপাতো বোন। স্ত্রীকে হারিয়ে জহিরের মাথার ঠিকঠিকানা ছিল না। সেই ফুপু লিপিকে মারাত্মক স্নেহ করতেন। মাঝে মাঝে জহিরের কাছে লিপিকে নিয়েও আসতেন। রেখে যেতেন না। সঙ্গে করে আবার ঢাকা। মায়ের চেয়ে ফুপুর প্রতিই তার টান বেশি। অবশ্য বিয়ের পর থেকে ফুপুর খোঁজখবরও নেওয়া হচ্ছে না। সময়গুলো দিন দিন কেমন উন্নাসিক আচরণ করছে।
লাকড়িতে আগুন জ্বালিয়ে হারু গেল উঠানে। কয়লাও এনেছে। ফাঁদ পেতে শিকার করা বক নিয়ে বসবে একটু পর।
নুরুল আলমের চা খাওয়া শেষ। সে পেছনের দিকের একটা স্টোররুমের মতো জায়গায় শোয়ার আয়োজন করছে। লাশের মতো আগাগোড়া কম্বলমুড়ি দিয়ে শোওয়ার অভ্যাস। এক ঘুমে রাত কাভার।
হারু চুপ করার পাত্র না। বলে চলল, ‘জিন আসলে চাচির বেশ ধইরা আসছিল। ওরা যে কারও বেশ ধরতে পারে।’
‘আপনে দেখসেন?’
‘নুরুল আলম কয় কী! জিনের লগেই তো আমার কারবার। গেরামে একবার খারাপ পেত্নি আসছিল। কাপড় চোপড় ছাড়া গাছে গাছে ঘুইরা বেড়াইত। এক ভদ্র জিন আইসা আমারে একদিন কইল তার সঙ্গে কথা বলতে। পেত্নিরে নাকি তার মনে ধরসে। তারপর… না। এই গল্প তোরে কওন যাইব না। বয়স হয় নাই। বিবাহের বয়স হোক। তারপর সব শোনার লাইসেন্স পাইবা।’
‘আমার উনিশ বছর।’
‘তাইলে কাম সারসে। কাইলকাই তোর লগে ঝর্না দাশের বিয়া দিমু। মাইয়ার বয়স একটু বেশি। সমস্যা নাই তো?’
নুরুল আলমের বলতে ইচ্ছে হলো লিপি আপা কী দোষ করসে? না বলে চোখ বন্ধ করে ভাবতে লাগল লিপির সঙ্গে সংসারের তৃতীয় পর্ব।
নুরুলের কল্পনাগুলো হিন্দি সিরিয়ালের মতো। ঘুমানোর আগে মাথার ভেতর একটা করে নতুন পর্ব করে চলে। আজকের পর্বে লিপিকে ধরে নিয়ে যাবে গুন্ডারা। নুরুল আলম তাদের প্রত্যেককে খুন করে লিপিকে বাঁচাবে।
জহিরের জ্বর বেড়েছে। থার্মোমিটার না থাকায় মাপা গেল না। কপাল মুছে আরেকটা কাঁথা দিল লিপি। আলমারি খুললেই মায়ের গন্ধ পায়। সেই গন্ধওয়ালা কাঁথা দিতেই জহির প্রলাপ বকতে লাগলেন।
‘সালেহা, তুমি পানের লগে জর্দা খাইতাসো? জর্দা যে জিনিস, সিগারেটও একই জিনিস। আমি তাইলে সিগারেট খামু।’
‘তুমি ঘুমাও তো। বক বক করে সবাইকে ভয় দেখিও না।’
‘কল্পনায় বক বক করতাসি। কারও শোনার কথা না।’
‘মেহেরুনরে মাঝে সাঝে ফোন তো দিতে পারো। এখন চিঠিপত্রের দিন নাই। হোয়াটসঅ্যাপে কল দিলে তো দেখা যায়।’
‘কেন কী দরকার পড়সে।’
‘লিপিকে পেলেপুষে বড় করেছে। তা ছাড়া…। সে তোমার খেয়াল রাখতে চায়। বিয়েশাদিও করলো না।’
‘শোনো, তুমি ভুইলা গেছো যে তুমি আমার কল্পনা। এসব আমি বানাইয়া বলতেসি। আমার মগজের শয়তানি। হোয়াটসঅ্যাপ কী জিনিস, তোমার জানার কথা না।’
কল্পনা সালেহা বেগম মুচকি হাসলেন। এরপর সময় নিয়ে পান তৈরি করলেন আরেকটা।
‘শোনো লিপির বাপ। তোমারে আমি বিয়াশাদি করতে বলতেসি না। মেহেরুনকে বলো বাড়িতে আইসা থাকতে। লিপির সঙ্গে থাকুক কিছুদিন। সামনের একটা রুম তো খালি পড়ে আছে।’
‘বিদায় হও তো। বড় বিরক্ত করতেসো।’
‘আমি যদুমধু না যে এমনি চলে যাব। আমাকে কল্পনায় দেখতেসো ভালো কথা। ব্যবহার খারাপ করবা না।’
‘ঠিক আছে। ফোন দিব তারে। এখন চুপ করো। মাথা ধরসে।’
সালেহা বেগম কথা বাড়ালেন না। উঠে গিয়ে জানালার কপাট খুলে থু করে পিক ফেললেন।
জহির কল্পনায় নতুন এক কণাতত্ত্ব সাজানোর চেষ্টা করছেন। প্রোটনের ভেতর কোয়ার্কগুলো তাকে বলছে, জহির ভাই, আমাদের উদ্ধার করেন। এই মহাবিশ্বে আপনার কোনো দরকার ছিল না। আসছেন যখন আমাদের উদ্ধার করেন।
‘আমি যা, তুমি তা। আমি আমারে বুঝি না। তোমরাও তোমাদের বুঝবা না।’
‘একটা কিছু তো বলেন।’
‘স্পেস-এর ভিতরে এই যে তোমরা পইড়া আছো। ঝলক বাতির মতো আসো আর যাও। এর বাইরেও কিন্তুক জগত আছে। অন্যজগত। নাই স্পেসে নাই বস্তুর জগত।’
‘মাথার উপর দিয়া গেল স্যার।’
‘যাবেই তো। ওই জগতে তোমার বাস নাই। ওটা আমগো কাছে নাই দেশের জগত।’
একটু পর জহিরের মনে হলো মাথা ফেটে মগজ বেরিয়ে আসবে। বিছানা ছেড়ে উঠে পেছনের দরজা দিয়ে বেরিয়ে হাঁটতে শুরু করলেন। অচেনা অজানা সব পথ। প্রচণ্ড ভয় জেঁকে ধরছে। অপার্থিব এ ভয়ের উৎস জানেন না জহির। মনে হলো তিনি ক্রমশ নাই জগতে ঢুকে পড়ছেন।

বাবাকে দেখে গেল লিপি। গভীর ঘুম। ইরফানও ঘুমে কাদা। ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে লিপি ভাবল কামাল যদি ইরফানকে নিতে আসে তাহলে তাকে খুন করবে। এ কথা ও কথায় কামালের মনোযোগ সরাবে। তারপর ফট করে বটি দিয়ে কোপ। হালকা পাতলা একটা বটিতে ধার দিয়ে রেখে দিতে হবে। ওটা দিয়ে আলু পেঁয়াজ কাটা চলবে না। সেটা বরাদ্দ থাকবে কামাল মিয়ার জন্য।
অস্থিরতা কমলো লিপির। শুয়ে পড়ল ছেলের পাশে। মিনিট পাঁচেক পর উঠল আবার। সামনের উঠানে হারু মিয়ার সঙ্গে বকের মাংস খেতে ইচ্ছে করছে।
‘হারুন ভাই, বকের মাংস কেমন?’
গান টান শোনে না হারু। তাই তার মনে বীনার ঝংকার বেজে ওঠার কথা নয়। লিপির কথা শুনে বলা যায় একগাদা হাড়িপাতিল ঠনঠন করে উঠল।
‘বকের মাংস এমন জিনিস যা তুমি একবার খাওনের পর ভুইলা যাবা। আবার খাওন লাগব। এক মিনিট আমি আবার খাইয়া দেখি। হুম। এই হলো বকের মাংস। বুঝলা। ধরো এইবার খাও। এরফান আলীরে ডাকো।’
‘আপনে আসলে কে বলেন তো হারুন ভাই? বাবার কাঁধে ভূতের মতো বসে আছেন। আমার মতো বাবার মাথাও কিন্তু নষ্ট। মাথা নষ্ট হলে অনেকে সুবিধা নেয়।’
‘কও কি। তোমার মাথা নষ্ট? মাথা নষ্ট মাইয়া আমার বড়ই পছন্দ।’
অতি উচ্ছ্বাসে কাশতে শুরু করল হারু। কুয়াশা আর আগুনের আঁচের মাঝে মাফলার পেঁচানো হারুর কাশির দৃশ্য দেখে লিপির মনে হলো সে অনেককাল আগে ঠিক এভাবেই কারও সঙ্গে বসে বক কিংবা মুরগির মাংস পুড়িয়ে খেয়েছিল। মানুষের মগজ হয়তো মাঝে মাঝে এমন আজগুবি স্মৃতি তৈরি করে।

ঘড়িতে রাতের গভীরতা বোঝা যায় না। হারুর হাতঘড়ি নেই, সঙ্গে মোবাইলও নেই। সে ধরে নেয় রাত বেশ গভীর হয়েছে। এমনটা ভেবে সে পুলকিতও হয়।
প্রথমে দ্রুত লয়ে হাঁটে। পরে গতি কমায়। লেবু মিয়ার বাড়িটা প্রথমে পড়ে। ওটার পার হলে একটা ডোবা মতো। ওটা অর্জুন মাস্টারের বাড়ির পেছনের দিকে। ডোবার ওপারে হালকা বেতঝোপ। তারপর বিশাল ধানক্ষেত। ধানক্ষেত ঘেঁষে হালকা একটা জঙ্গল আছে। রাতে সেখানে দলবেঁধে শিয়াল ঘোরে।
কুয়াশা অন্য দিনের চেয়ে বেশি। হারুর শীত লাগছে না। জোরে শ্বাস নিচ্ছে। নিষিদ্ধ কিছু দেখার লোভে হৃৎস্পন্দন বেশি। ঠান্ডা লাগার প্রশ্নই আসে না।
কুয়াশা ভেদ করে হারুর কয়েক হাত সামনে নর্দমার পাড়ে দাঁড়াল ছায়ামূর্তি। খোলা চুলের নারীর অবয়বটা দেখে বুকে হাতুড়ির বাড়ি খেল হারু।
‘কে! তুই কে!’
শব্দ করল না ছায়ামানবী। নড়াচড়াও নাই। হারু তিন পা পিছিয়ে আবার দাঁড়াল। সাহস জমানোর চেষ্টা করল। ঠিকমতো জমল না। ঘুরে ফিরতি পথ ধরল।

ধ্রুব নীলের সব বই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *