জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: লারাক দ্বীপের ঘটনার প্রতিশোধ - Mati News
Friday, September 4

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: লারাক দ্বীপের ঘটনার প্রতিশোধ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পারদ আরও চড়ল। দক্ষিণ ইরানের লারাক দ্বীপে মার্কিন সামরিক অভিযানের জবাবে জর্ডানের কিং হুসেন ও আল আজরাক ঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আগ্রাসনের শাস্তি’ নামের এই সমন্বিত অভিযানে তাদের লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁত আঘাত হানা সম্ভব হয়েছে। তেহরানের দাবি, এই হামলায় শত্রু পক্ষের যুদ্ধবিমান রাখার স্থানসহ প্রযুক্তিগত ও মেরামত অবকাঠামো ধ্বংস হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জর্ডানের সামরিক বাহিনী অবশ্য দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশসীমা লঙ্ঘনকারী আটটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। উভয় পক্ষের তথ্য অনুযায়ী, জর্ডানের কোনো ঘাঁটিতেই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইরানের ফার্স সংবাদ সংস্থার দাবি, লারাক দ্বীপে মার্কিন-ইসরায়েল যৌথ হামলায় সেনা হতাহতের ঘটনা ঘটেছে, যার প্রতিশোধ হিসেবেই এই পাল্টা আঘাত চালানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে লারাক দ্বীপে রবিবারের হামলাকে ‘আগ্রাসী কার্যকলাপ’ হিসেবে অস্বীকার করেছে। সেন্টকমের ভাষ্যমতে, হরমুজ প্রণালীতে ইরানি বাহিনীর মাইন স্থাপন রোধে যুক্তরাষ্ট্র কেবল ‘সীমিত ও সুনির্দিষ্ট পদক্ষেপ’ নিয়েছে এবং বর্তমান পরিস্থিতির জন্য ইরানকেই দায়ী করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সংঘাত বর্তমানে সপ্তম মাসে গড়িয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের কৌশল বজায় রেখেছে, অন্যদিকে ইরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও তেল পরিবহন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার অবস্থানে অনড়।

বিশ্লেষকদের মতে, লারাক দ্বীপ ও জর্ডানের ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলার এই ঘটনা মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়ায়ী সামরিক সংঘাতকে আরও উস্কে দিয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের অনমনীয় অবস্থানের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতি বেড়েছে, যা দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণেও বড় ধরনের চাপ তৈরি করছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ দুর্বল করার যেকোনো প্রচেষ্টার জবাব আরও বিধ্বংসী উপায়ে দেওয়া হবে এবং তারা যেকোনো দীর্ঘমেয়াদী সংঘাতে লড়তে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *