চুক্তি থেকে মহাকাশযাত্রা: কথা রেখেছে চীন-পাকিস্তান - Mati News
Friday, November 27

চুক্তি থেকে মহাকাশযাত্রা: কথা রেখেছে চীন-পাকিস্তান

নভেম্বর ২৭: একটি সহযোগিতা চুক্তি থেকে বাস্তব মহাকাশযাত্রা—চীন ও পাকিস্তানের যৌথ মহাকাশ অভিযানে দুই দেশের সহযোগিতার প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিয়েছে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি চীনের মানববাহী মহাকাশ সংস্থা এবং পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন আনুষ্ঠানিকভাবে ‘পাকিস্তানি নভোচারী নির্বাচন, প্রশিক্ষণ এবং চীনের মহাকাশ স্টেশনের মহাকাশযাত্রায় অংশগ্রহণসংক্রান্ত সহযোগিতা চুক্তি’ স্বাক্ষর করে।

এর প্রায় ২১ মাস পর, ২০২৬ সালের ২৫ নভেম্বর শেনচৌ-২৪ মনুষ্যবাহী মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এতে থাকা চীনা নভোচারী থাং হোংপো, উ ই এবং পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী সফলভাবে চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করেন।

চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সংবাদদাতাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী বলেন, ‘কথা দিয়ে কথা রাখা—এটাই চীন-পাকিস্তান সম্পর্কের প্রকৃত আকর্ষণ ও শক্তি।’

সাক্ষাৎকারে সিএমজির সংবাদদাতা হান শুও তাঁকে প্রশ্ন করেন, ‘প্রায় দুই বছর আগে, ঠিক এখানেই, আপনি এই সহযোগিতা প্রকল্পগুলোর ঘোষণা দিয়েছিলেন। আর এখন একজন পাকিস্তানি নভোচারী চীনের মহাকাশ স্টেশনে কাজ করছেন। নিজের চোখে এসব উদ্যোগ বাস্তবে রূপ নিতে দেখা—কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? এ বিষয়ে আপনার অনুভূতি কেমন?’

জবাবে আহসান ইকবাল চৌধুরী বলেন, নভোচারীকে বিদায় জানাতে যাওয়ার মুহূর্তটি তাঁর কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও উৎসাহব্যঞ্জক ছিল। কারণ, তিনি নিজের চোখে আগের আলোচনাগুলো বাস্তবে রূপ নিতে দেখেছেন।

তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীনের মানববাহী মহাকাশ সংস্থার সঙ্গে পাকিস্তান নভোচারী নির্বাচনসংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত দুই দেশ ধারাবাহিকভাবে সহযোগিতার কার্যক্রম এগিয়ে নিয়েছে।

আহসান ইকবাল বলেন, ‘এটি প্রমাণ করে, চীন ও পাকিস্তান কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে তা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং বাস্তবে তা সম্পন্ন করে। এটাই চীন-পাকিস্তান সম্পর্কের প্রকৃত চিত্র।’

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *