২০৩৬ সাল আগে জাতীয় এআই কৌশল হালনাগাদের প্রস্তাব পুতিনের - Mati News
Friday, November 27

২০৩৬ সাল আগে জাতীয় এআই কৌশল হালনাগাদের প্রস্তাব পুতিনের

নভেম্বর ২৭: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ও উন্নয়নে বিশ্বে নেতৃত্বের অবস্থান অর্জনের লক্ষ্যে রাশিয়ার জাতীয় এআই কৌশল হালনাগাদ করার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি রাশিয়ার নিজস্ব সার্বভৌম এআই মডেলের উন্নয়নে সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। আজ (বৃহস্পতিবার) মস্কোতে অনুষ্ঠিত ‘এআই জার্নি’ আন্তর্জাতিক সম্মেলনে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভের উপস্থিতিতে বক্তব্য দেওয়ার সময় পুতিন এসব কথা বলেন।

রুশ প্রেসিডেন্টের ওয়েবসাইটে ২৬ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, পুতিন বলেন, এআই গবেষণা ও উন্নয়নে নেতৃত্বের অবস্থান অর্জন করতে হলে মানুষ ও স্বায়ত্তশাসিত ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনা ও উৎপাদন প্রক্রিয়ার পাশাপাশি অর্থনীতি ও সামাজিক ব্যবস্থারও পুনর্গঠন প্রয়োজন।

তিনি বলেন, এ লক্ষ্য সামনে রেখে ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন কৌশল হালনাগাদ এবং এ খাতে একটি জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদন করা প্রয়োজন।

পুতিন উল্লেখ করেন, রাশিয়ার এআই প্রযুক্তি উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো দেশীয় সার্বভৌম এআই মডেলের বিকাশে আরও সহায়তা দেওয়া। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো অর্থাৎ, ডেটা প্রসেসিং সেন্টার নির্মাণ, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন, উন্নত কুলিং ব্যবস্থা চালু এবং জ্বালানি সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। এসব অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে বিপুল বিনিয়োগ দরকার।

এ প্রেক্ষাপটে পুতিন সরকার ও বেসরকারি খাতের মধ্যে অংশীদারত্বের একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করেন। এর মাধ্যমে দ্রুত ডেটা প্রসেসিং সেন্টার নির্মাণ, সেগুলোর কার্যক্রম চালু এবং বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, ওই দিন সম্মেলনে রুশ ফেডারেল সঞ্চয় ব্যাংকের তৈরি সাতটি হিউম্যানয়েড রোবট এবং ছয়জন নৃত্যশিল্পী পুতিন, তোকায়েভ ও সম্মেলনে উপস্থিত অতিথিদের সামনে যৌথভাবে নৃত্য পরিবেশন করেন। ব্যতিক্রমী এ পরিবেশনা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *