প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় বাংলাদেশ - Mati News
Wednesday, November 18

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় বাংলাদেশ

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও চীন।

বুধবার ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইয়ুইন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।

এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেন। পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাতে উভয়পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দুই দেশের সার্বিক কৌশলগত ও দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার এবং নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *