ব্যাংকক-বেইজিং সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে আশাবাদী চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং - Mati News
Saturday, November 14

ব্যাংকক-বেইজিং সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে আশাবাদী চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

চীন ও থাইল্যান্ডের মধ্যে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। তিনি বলেছেন, দুই দেশের জনগণের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগিয়ে আরও দৃশ্যমান ফলাফল অর্জনে চীন থাইল্যান্ডের সঙ্গে কাজ করতে প্রস্তুত। শুক্রবার থাইল্যান্ডে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠকে লি ছিয়াং এসব কথা বলেন।

তিনি বলেন, চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর চীন সফরের সময় প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে দুই নেতা চীন-থাইল্যান্ড সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা নির্ধারণ করেন। চার মাসের মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর পাল্টাপাল্টি সফর দ্বিপক্ষীয় সম্পর্কের উচ্চপর্যায়ের অবস্থান তুলে ধরে বলেও মন্তব্য করেন লি ছিয়াং।

চীনের প্রধানমন্ত্রী আরও বলেন, চীন ও থাইল্যান্ড বর্তমানে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় থাইল্যান্ডের সরকার যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য চীন দৃঢ় সমর্থন জানায়।

লি ছিয়াং বলেন, পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ কৌশলগত সংলাপ এবং অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাবিষয়ক যৌথ কমিটির মতো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো কার্যকরভাবে কাজে লাগাতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, উন্নয়ন কৌশলের সমন্বয়, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং চীন-থাইল্যান্ড রেলপথের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প এগিয়ে নিতে চীন আগ্রহী। পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

লি ছিয়াং জানান, চীন থাইল্যান্ড থেকে আরও মানসম্মত পণ্য আমদানি করতে আগ্রহী। একই সঙ্গে থাইল্যান্ডে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ ও ব্যবসা পরিচালনায় উৎসাহ দিচ্ছে চীন।

অন্যদিকে বৈঠকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেন, চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় তার দেশ। দুই দেশের সার্বিক সহযোগিতা এগিয়ে নেওয়া এবং চীন-থাইল্যান্ডের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে থাইল্যান্ড প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, চীনের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানো, ‘টু প্লাস টু’ কৌশলগত সংলাপসহ বিদ্যমান সহযোগিতার কাঠামোগুলো কার্যকরভাবে কাজে লাগানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী থাইল্যান্ড।

আনুতিন আরও বলেন, থাইল্যান্ডে বিনিয়োগকারী চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য অনুকূল ব্যবসায়িক পরিবেশ অব্যাহত রাখবে তার সরকার।

চীনে এপেক অর্থনৈতিক নেতাদের সম্মেলন সফলভাবে আয়োজনের প্রতি থাইল্যান্ডের সমর্থন রয়েছে উল্লেখ করে আনুতিন বলেন, লানছাং-মেখং সহযোগিতা নেতাদের সম্মেলন সফল করতেও চীনের সঙ্গে কাজ করতে প্রস্তুত তার দেশ।

বৈঠক শেষে দুই দেশের নেতারা গাড়িশিল্প, কারিগরি শিক্ষা, কৃষি, শুল্ক ব্যবস্থাপনা ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে একাধিক সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *