নভেম্বর ১৬: আজ (সোমবার) চীনের ছিউশি সাময়িকীতে (কিউএসথিওরি ডট সিএন) চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের লেখা ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসঙ্গে কাজ করা’ শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
প্রবন্ধে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন অর্থনৈতিক সত্তার স্বার্থ পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই তাদের পারস্পরিক কল্যাণও একে অপরের ওপর নির্ভরশীল। এপেকের প্রতিষ্ঠা ও বিকাশ উন্মুক্তকরণ ও সংযুক্তির ঐতিহাসিক ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন এবং সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সম্মিলিতভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজন মেটায়। এ অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধিতে এপেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বর্তমানে এপেক বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠনের চেতনা আরও সুসংহত করা এবং এ অঞ্চলের শক্তিশালী উন্নয়নের ধারা বজায় রাখা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি, পারস্পরিক সংযোগ ও বিনিময় এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একটি অভিন্ন সম্প্রদায় গড়ে তোলা সম্ভব হবে।
প্রবন্ধে আরও বলা হয়েছে, বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়া এপেকের মূল লক্ষ্য। আরও প্রাণবন্ত ও অন্তর্ভুক্তিমূলক এপেক সহযোগিতা বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অভিন্ন, সমন্বিত, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তার ধারণায় অবিচল থাকতে হবে। পাশাপাশি সংলাপ ও আলোচনার মাধ্যমে মতভেদ ও মতপার্থক্য মোকাবিলা করতে হবে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন অর্থনৈতিক সত্তার বৈচিত্র্য এপেকের সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে এবং অর্থনৈতিক সহযোগিতার পরিধি বাড়াবে। একই সঙ্গে জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, উন্নয়নের ব্যবধান কমিয়ে আনা এবং সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে হবে।
সি চিন পিং তার প্রবন্ধে জোর দিয়ে বলেছেন, যেকোনো সময় চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে দৃঢ়ভাবে অবিচল থাকবে এবং পারস্পরিক কল্যাণ ও অভিন্ন স্বার্থ অর্জনের লক্ষ্যে উন্মুক্ত কৌশল অনুসরণ করবে। এর মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনগণের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করা হবে। চীন বিভিন্ন দেশের সঙ্গে মিলে এ অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবে। পাশাপাশি অবাধ বাণিজ্য, পারস্পরিক সংযোগ ও বিনিময়, ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করবে।
সিএমজি
















