দ্বিমুখী বিনিয়োগের বার্তা নিয়ে সিয়ামেনে বিশ্ব বিনিয়োগ ও বাণিজ্য মেলা - Mati News
Wednesday, September 9

দ্বিমুখী বিনিয়োগের বার্তা নিয়ে সিয়ামেনে বিশ্ব বিনিয়োগ ও বাণিজ্য মেলা

চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে চলছে চার দিনব্যাপী ‘চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড’-এর ২৬তম আসর। ‘দ্বিমুখী বিনিয়োগ সম্প্রসারণ ও বিশ্ব উন্নয়ন ত্বরান্বিতকরণ’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এই বিশ্ব বিনিয়োগ মেলায় সারা বিশ্বের সেরা ৫০টি অর্থনীতির ৪৮টিসহ মোট ১২৯টি দেশ ও অঞ্চলের ১২শটিরও বেশি সরকারি সংস্থা এবং ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নিয়েছে।

এবারের মেলায় প্রথমবারের মতো ফিনল্যান্ড ও সৌদি আরবকে যৌথভাবে অতিথি দেশের সম্মানে ভূষিত করা হয়েছে। ফিনল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী সাকারি পুইস্তো তাঁর বক্তৃতায় ফিনল্যান্ডের টেকসই শিল্প প্রযুক্তি এবং চীনের বিশাল বাজারের মেলবন্ধনের মাধ্যমে দুই দেশের যৌথ সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ফিনিশ কোম্পানিগুলোর বর্তমানে চীনে ১০ থেকে ১২ বিলিয়ন ইউরোর বিনিয়োগ রয়েছে। অন্যদিকে, শীর্ষস্থানীয় প্রযুক্তি ও অটোমেশন কোম্পানি ‘এবিবি’র প্রেসিডেন্ট ও সিইও মর্টেন উইরড দ্রুত পরিবর্তনশীল চীনা বাজারকে আরও ভালোভাব বুঝতে সরাসরি উপস্থিত থাকার ওপর জোর দেন।

দেশেটির বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ আসরে একাধিক নতুন সংযোজন দেখা গেছে। বিগত বছরের তুলনায় মেলার প্রদর্শনী এলাকা এবং স্টল উভয়ই দ্বিগুণ বেড়েছে।এবারে চীনের সিআইপিএস বা আন্তঃসীমান্ত আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমের জন্য একটি বিশেষ জোন চালু করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার মতো সীমান্ত প্রযুক্তি প্রদর্শনীর জন্য ‘নিউ কোয়ালিটি প্রোডাক্টিভ ফোর্সেস’ জোন করা হয়েছে। এছাড়া ‘ক্লাউড সিআইএফআইটি’ প্ল্যাটফর্মের সাহায্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিনিয়োগ ও পুঁজি সংস্থানের কাজ দ্রুত ও সহজ করা হচ্ছে।

মেলা চলাকালীন ৪০টিরও বেশি বিনিয়োগ প্রচার কার্যক্রম এবং ক্যাপিটাল ম্যাচমেকিং ও রোডশোসহ প্রায় ১০০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা সিআইএফআইটি বর্তমানে বিশ্বব্যাপী বিনিয়োগ বৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্যতম প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে সুপরিচিত।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *