শিল্প ও সরবরাহব্যবস্থা স্থিতিশীল এবং নির্বিঘ্ন রাখতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। বুধবার বেইজিংয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
তিং সুয়েসিয়াং বলেন, ‘চীন ও নেদারল্যান্ডসের মধ্যে উন্মুক্ত ও বাস্তব-ভিত্তিক সহযোগিতার সম্পর্ক আছে। চীন-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক এগিয়ে রয়েছে।
তিনি বলেন, আগামী বছর দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী চীন। পাশাপাশি সব ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের গুরুত্বপূর্ণ দুই অর্থনীতি হিসেবে চীন ও নেদারল্যান্ডসের উচিত নিজেদের পাশাপাশি বিশ্ব অর্থনীতির উন্নয়নেও নতুন গতি সঞ্চার করা।
বৈঠকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী চীনে সফলভাবে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) নেতাদের বৈঠক আয়োজনের প্রশংসা করেন। তিনি দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানোসহ নানা ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে জোর দেন।
সিএমজি

















