গত এক দশকে আর্থিক প্রযুক্তি (ফিনটেক)–সংক্রান্ত পেটেন্ট আবেদনের সংখ্যা ও মান—উভয় ক্ষেত্রেই বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে চীন। মঙ্গলবার প্রকাশিত জাপানের সংবাদমাধ্যম নিক্কেইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটি ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলে দাখিল হওয়া ফিনটেক সম্পর্কিত পেটেন্ট আবেদনের ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে তৈরি করা হয়েছে। জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে নিক্কেই এবং টোকিও-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পেটেন্ট রেজাল্ট।
জরিপে দেখা গেছে, ২০২৫ সাল পর্যন্ত ১০ বছরে বিশ্বজুড়ে ফিনটেক সংক্রান্ত পেটেন্ট আবেদনের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজারে পৌঁছেছে, যা এর আগের এক দশকের তুলনায় প্রায় তিনগুণ।
এ সময়ে চীনা কোম্পানিগুলোর করা আবেদন বৈশ্বিক মোট আবেদনের ৩৮ শতাংশেরও বেশি, যা সর্বোচ্চ। আগের এক দশকের তুলনায় তাদের আবেদনের সংখ্যা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে।
১৭ শতাংশ অংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া, যার অংশ ৯ শতাংশ এবং জাপান ৮ শতাংশ।
করপোরেট পর্যায়েও চীনা কোম্পানিগুলোর আধিপত্য স্পষ্ট। ফিনটেক সংক্রান্ত পেটেন্ট আবেদনের সংখ্যার ভিত্তিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৮টিই চীনের। বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে চীনের শিল্প ও বাণিজ্যিক ব্যাংক। এরপর রয়েছে ব্যাংক অব চায়না, চায়না কনস্ট্রাকশন ব্যাংক এবং টেনসেন্টসহ আরও কয়েকটি চীনা প্রতিষ্ঠান।
জরিপে আরও বলা হয়েছে, শুধু আবেদনের সংখ্যায় নয়, পেটেন্টের মূল্য ও প্রতিযোগিতামূলক সক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন করা গুণগত মানের ক্ষেত্রেও চীন শীর্ষস্থান দখল করেছে। এ সূচকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও জাপান।
সিএমজি বাংলা





















