বেইজিংয়ে চীন ও উত্তর কোরিয়ার দলের প্রতিনিধিদলের বৈঠক - Mati News
Saturday, November 7

বেইজিংয়ে চীন ও উত্তর কোরিয়ার দলের প্রতিনিধিদলের বৈঠক

নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির (ডব্লিউপিকে) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা ছাই ছি। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য, সচিব ও আন্তর্জাতিক বিভাগের পরিচালক কিম সং নাম।

শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ছাই ছি বলেন, সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত জুনে উত্তর কোরিয়া সফর করেন। তার এই সফল রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক ঐতিহাসিক পর্যায়ে উন্নীত হয়েছে।

ছাই ছি আরও বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী। পাশাপাশি উচ্চপর্যায়ের দিকনির্দেশনা জোরদার, ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া এবং দল পরিচালনার ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় আরও গভীর করতে চায় বেইজিং।

তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ, কৌশলগত যোগাযোগ ও সমন্বয় জোরদার এবং দুই দেশের সমাজতান্ত্রিক অগ্রগতির ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি উন্নয়নে অবদান রাখতে চীন প্রস্তুত। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি এগিয়ে নেওয়াও দেশটির লক্ষ্য।

কিম সং নাম বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের গভীর বন্ধুত্ব ও কৌশলগত দিকনির্দেশনা উত্তর কোরিয়া-চীন সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের শক্ত ভিত্তি এবং অফুরন্ত চালিকাশক্তি।

তিনি চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় চীনকে অভিনন্দন জানান। একই সঙ্গে চীনের সঙ্গে আন্তদলীয় যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করতে উত্তর কোরিয়া প্রস্তুত বলে জানান তিনি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *