চীনের আসন্ন শেনচৌ-২৪ মহাকাশ অভিযানে পাকিস্তানি নভোচারীর অংশগ্রহণ নিয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে দেশটির গণমাধ্যম। চীনে দুই পাকিস্তানি নভোচারী প্রার্থীর প্রশিক্ষণ শেষ করা এবং উৎক্ষেপণের আগে চূড়ান্ত মহড়ায় অংশ নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করছে তারা।
পাকিস্তানের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) সোমবার জানায়, দেশটির দুই নভোচারী প্রার্থী মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদ চীনে বিশেষ মহাকাশ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এ ঘটনাকে পাকিস্তানের মহাকাশ কর্মসূচির নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
এদিকে, রেডিও পাকিস্তান রোববার জানায়, শেনচৌ-২৪ অভিযানের উৎক্ষেপণ-পূর্ব মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এটিকে দুই দেশের বন্ধুত্বের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্রে শেষ পর্যায়ের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে তিন নভোচারী তাঁদের নির্ধারিত দায়িত্ব ও কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করেন।
পাকিস্তানের আরেকটি সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ সম্প্রতি দেশটির দুই নভোচারী প্রার্থীর পরিচয় ও অভিজ্ঞতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ইসলামাবাদের কনফুসিয়াস ইনস্টিটিউটে তাদের চীনা ভাষা শেখার অভিজ্ঞতাও তুলে ধরা হয়।
প্রতিবেদনটিতে শেনচৌ-২৪ অভিযানের লোগোর বিষয়েও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। লোগোটিতে পাকিস্তানের জাতীয় ফুল জুঁইয়ের ছবি ব্যবহার করা হয়েছে। দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে এই ফুলকে তুলে ধরা হয়েছে।
সিএমজি


















