সংস্কৃতির সেতুবন্ধনে শেনচেন: এশিয়া-প্যাসিফিক বিনিময়ের নতুন আয়োজন - Mati News
Thursday, November 26

সংস্কৃতির সেতুবন্ধনে শেনচেন: এশিয়া-প্যাসিফিক বিনিময়ের নতুন আয়োজন

সংস্কৃতি কোনো দেশের সীমানায় আটকে থাকে না; বরং ঐতিহ্য, শিল্প আর মানুষের গল্পের মধ্য দিয়ে গড়ে তোলে দেশ থেকে দেশান্তরের সেতুবন্ধন। চীনের শেনচেনে এমনই এক বর্ণিল আয়োজন, যেখানে ২০০টিরও বেশি ঐতিহ্যবাহী শিল্পকর্মের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে দেশটির হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার। পাশাপাশি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মানুষের মধ্যে বাড়ছে সাংস্কৃতিক যোগাযোগ ও সহযোগিতার নতুন সম্ভাবনা।

সংস্কৃতির ভাষা আলাদা হতে পারে, ঐতিহ্যের রূপও হতে পারে ভিন্ন। কিন্তু মানুষের অনুভূতি, সৃজনশীলতা আর পারস্পরিক বোঝাপড়ার আকাঙ্ক্ষা একসূত্রে গাঁথা। সেই ভাবনাকেই সামনে রেখে চীনের শেনচেনে হয়ে গেলো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এক বিশেষ সাংস্কৃতিক আয়োজন। যেখানে ইতিহাস, ঐতিহ্য, শিল্পকলা ও আধুনিক গণমাধ্যম মিলিয়ে তৈরি হয়েছে পারস্পরিক সংযোগের এক বর্ণিল মঞ্চ।

‘একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়া, বৈচিত্র্যকে আলিঙ্গন করা’—এই প্রতিপাদ্য নিয়ে রোববার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে উদ্বোধন করা হয় ‘এশিয়া-প্যাসিফিক সাংস্কৃতিক বিনিময় সমাবেশ’ এবং চীনা সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক বিশেষ প্রদর্শনী। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও কুয়াংতোং প্রাদেশিক গণসরকার যৌথভাবে এ আয়োজন করে। ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠেয় ৩৩তম এপিইসি অর্থনৈতিক নেতাদের সম্মেলনকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে চীন ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫০ জনের বেশি অতিথি অংশ নেন।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যেন বিশ্বজুড়ে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে, তা নিশ্চিত করা জরুরি।

এ আয়োজনে গণমাধ্যম ও সংস্কৃতির মেলবন্ধনেও ছিল নানা উদ্যোগ। সিএমজির প্রযোজনায় উদ্বোধন করা হয় ‘শাইনিং এপিইসি জার্নি’ শীর্ষক তথ্যচিত্র। ঘোষণা করা হয় ‘২০২৬ এপিইসি ইয়ুথ অ্যাক্ট টু অ্যাকশন’ কর্মসূচির ফলাফল, যেখানে এপিইসিভুক্ত অর্থনীতিগুলোর তরুণদের ভাবনা ও কণ্ঠস্বর তুলে ধরা হয়েছে।

পাশাপাশি কুয়াংতোংয়ের উন্নয়ন সরেজমিনে তুলে ধরতে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে গণমাধ্যম সফরের উদ্যোগ নেয় সিএমজির আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম সিজিটিএন। একই দিন বিশ্বব্যাপী সম্প্রচার শুরু করে সিজিটিএনের পাঁচটি বিনা মূল্যের বিজ্ঞাপননির্ভর সরাসরি সম্প্রচার চ্যানেল।

অনুষ্ঠানে প্রকাশিত হয় অভিন্ন ভবিষ্যতের এশিয়া-প্যাসিফিক সম্প্রদায় নিয়ে বৈশ্বিক জনমত জরিপ এবং চীনের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নয়নবিষয়ক গবেষণা প্রতিবেদন।

তবে আয়োজনের অন্যতম আকর্ষণ ‘চায়না থ্রু ইটস ইনট্যানজিবল হেরিটেজ’ শীর্ষক বিশেষ প্রদর্শনী। এতে চিত্রকর্ম, ক্যালিগ্রাফি, ভাস্কর্য, চীনামাটির শিল্প, বস্ত্র ও ব্রোঞ্জের সামগ্রীসহ ২০০টির বেশি সাংস্কৃতিক নিদর্শন স্থান পেয়েছে। ২২ নভেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনীটি।

ঐতিহ্যের এই বর্ণিল উপস্থাপনা যেন মনে করিয়ে দেয়—সংস্কৃতি শুধু অতীতের স্মৃতি নয়, এটি ভবিষ্যতের সেতুও। আর সেই সেতুবন্ধনই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মানুষকে আরও কাছে আনার প্রত্যাশা জাগাচ্ছে শেনচেনের এই আয়োজন।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *