হাইতিতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হাইতির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব গৃহীত হওয়ার পর এ আহ্বান জানান জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই।
সুন লেই বলেন, ‘হাইতির পরিস্থিতি এখনো গুরুতর। দেশটির সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো বিদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করছে, যা হাইতির জনগণ এবং সেখানে নিয়োজিত আন্তর্জাতিক বাহিনীর নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।‘
তিনি বলেন, ‘শুধু নিষেধাজ্ঞা আরোপ করলেই হাইতির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে না। নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নে জাতিসংঘের সদস্য দেশগুলোকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।‘
চীনের এই প্রতিনিধি বিশেষ করে যেসব দেশ থেকে হাইতিতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ করছে, সেসব দেশকে অস্ত্র পাচারের উৎসেই তা বন্ধ করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
হাইতির সংকট কাটিয়ে ওঠার জন্য দেশটির নিজস্ব রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন মনে করেন তিনি।
চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে হাইতির জনগণকে দ্রুত সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পেতে সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান সুন লেই।
সূত্র: সিএমজি





















