চীনা খাবার, হরেক প্রকার
আলিমুল হক, বেইজিং থেকে
চীনের রন্ধনশৈলী তথা কুজিন (Cuisine) চীনের মতই বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। বিশাল এই দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব খাদ্যাভ্যাস, আবহাওয়া, কৃষিজাত পণ্য, এবং সাংস্কৃতিক প্রভাব পড়েছে সেসব এলাকার রন্ধনশৈলীতে। ঐতিহ্যগতভাবে চীনে আটটি প্রধান রন্ধনধারা স্বীকৃত, যাদের একসাথে ডাকা হয় ‘পা তা ফান ছাই সি। এখানে ‘পা’ মানে ‘আট’, ‘তা’ মানে ‘বড়’, এবং ‘ছাই সি’ মানে ‘কুজিন’ বা খাবারের ধরন। আর, এই আটটি রন্ধনশৈলী বা রন্ধনপদ্ধতি হলো: শানতুং, সিছুয়ান, ক্যান্টনিজ, ফুচিয়েন, চিয়াংসু, চেচিয়াং, হুনান এবং আনহুই রন্ধনশৈলী। প্রতিটি রন্ধনশৈলীর নিজস্ব স্বাদের জগৎ, প্রস্তুতপ্রণালি, এবং খাবার পরিবেশনের রীতি রয়েছে।
শানতুং রন্ধনশৈলীর উদ্ভব চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানতুং প্রদেশে। এটি চীনের আটটি রন্ধনপদ্ধতির মধ্যে বলতে গেলে সবচেয়ে প্রাচীন এবং ‘উত্তর-পূর্ব চীনের রান্নার উৎস’ হিসেবে পরিচ...














