বেইজিংয়ে বিশ্ব চীনা ভাষা সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল - Mati News
Thursday, November 19

বেইজিংয়ে বিশ্ব চীনা ভাষা সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনে অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের প্রতিনিধিদল। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে একটি সমঝোতাস্মারক (এমওইউ) সই করেছে বিশ্ববিদ্যালয়টি।

১২ থেকে ১৫ নভেম্বর বেইজিংয়ের চীনের জাতীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ও কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবসার কামাল এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়ং হুই।

‘চীনা ভাষা, কেবল একটি ভাষার চেয়েও বেশি কিছু’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠান, পূর্ণাঙ্গ অধিবেশন, বিভিন্ন বিষয়ভিত্তিক ফোরাম ও প্রদর্শনীতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

সম্মেলনে জানানো হয়, বিশ্বের ৯২টি দেশের জাতীয় শিক্ষাব্যবস্থায় চীনা ভাষা অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্বজুড়ে চীনা ভাষা শিক্ষার্থীর সংখ্যা ২১ কোটিতে পৌঁছেছে। চলতি বছর প্রথমবারের মতো চীনা ভাষার দক্ষতা যাচাই পরীক্ষা এইচএসকেতে পরীক্ষার্থীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ।

এ ছাড়া চীনা ভাষা শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভাষা শিক্ষার প্রসার নিয়ে বিভিন্ন দেশের কনফুসিয়াস ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *