কুয়াংচৌয়ে ১৪০তম ক্যান্টন মেলা সমাপ্ত, অংশ নিলেন রেকর্ড ৩ লাখ ৫২ হাজার বিদেশি ক্রেতা - Mati News
Thursday, November 5

কুয়াংচৌয়ে ১৪০তম ক্যান্টন মেলা সমাপ্ত, অংশ নিলেন রেকর্ড ৩ লাখ ৫২ হাজার বিদেশি ক্রেতা

চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌয়ে বুধবার শেষ হয়েছে চীন আমদানি ও রপ্তানি মেলার ১৪০তম আসর, যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত। এবারের মেলায় ২১৯টি দেশ ও অঞ্চল থেকে রেকর্ড ৩ লাখ ৫২ হাজার বিদেশি ক্রেতা অংশ নিয়েছেন। আগের আসরের তুলনায় এই সংখ্যা ১২ দশমিক ২ শতাংশ বেশি।

এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মান আরও উন্নত হয়েছে। এতে চীনের ‘নতুন গুণগত উৎপাদনশক্তি’ বিকাশের সর্বশেষ অর্জনগুলো তুলে ধরা হয়েছে। মোট ৩২ হাজার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ১১ হাজারের বেশি ছিল বিশেষায়িত ও উন্নত প্রযুক্তি-ভিত্তিক উদ্যোগ। এসব প্রতিষ্ঠান অভিনব ও অনন্য পণ্য তৈরি করে অথবা নির্দিষ্ট পণ্য উৎপাদনে বিশেষ দক্ষতা অর্জন করেছে।

মেলায় উচ্চক্ষমতাসম্পন্ন চিপ, নতুন ধরনের জ্বালানি সংরক্ষণব্যবস্থা এবং যাত্রীবাহী ড্রোনসহ বিভিন্ন অত্যাধুনিক পণ্য প্রদর্শিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত উদ্ভাবন— যেমন সেবামূলক রোবট, স্মার্ট গৃহস্থালি যন্ত্র এবং বুদ্ধিমান স্বাস্থ্যসেবা প্রযুক্তি ইত্যাদি ছিল এবারের মেলার অন্যতম আকর্ষণ। বাস্তব জীবনের বিভিন্ন প্রয়োজন বিবেচনায় তৈরি এসব পণ্যের লক্ষ্য বিদেশি বাজারে ক্রমবর্ধমান চাহিদা কাজে লাগানো।

মেলায় প্রদর্শিত মোট ৪৮ লাখ ৮০ হাজার পণ্যের মধ্যে নতুন পণ্যের হার ছিল ২৩ দশমিক ২ শতাংশ এবং পরিবেশবান্ধব পণ্যের হার ২৬ শতাংশ। উভয় ক্ষেত্রেই এই হার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এ ছাড়া নিজস্ব মেধাস্বত্ব রয়েছে এমন পণ্যের হার ছিল ২৬ শতাংশ।

আগামী ১৫ এপ্রিল থেকে ৫ মে ২০২৭ পর্যন্ত কুয়াংচৌয়ে অনুষ্ঠিত হবে ১৪১তম ক্যান্টন মেলা।

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\০.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *