২৬ তারিখে চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ আটটি বিভাগ যৌথভাবে ‘সেবা বাণিজ্য উন্নয়নের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ প্রকাশ করেছে। এতে প্রথমবারের মতো উৎপাদনমুখী সেবা রপ্তানি ও ভোক্তামুখী সেবা রপ্তানিকে পৃথকভাবে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রথমবারের মতো একটি বিশেষ অধ্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা বাণিজ্যের নতুন ধরন বিকাশের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রথমবারের মতো পদ্ধতিগতভাবে উৎপাদনের উপাদানগুলোর আন্তঃসীমান্ত প্রবাহ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।
চীনা আন্তর্জাতিক বাণিজ্য সমিতির সহসভাপতি চাও চুংশিউ বলেন, আগামী পাঁচ বছর চীনের সেবা বাণিজ্য উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে সেবা বাণিজ্যের পরিসর আরও বাড়বে, কাঠামো আরও উন্নত হবে এবং দেশীয় উৎপাদন ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে এর সংযোগ আরও ঘনিষ্ঠ হবে।
এ ক্ষেত্রে ‘শক্তিশালী দিককে আরও শক্তিশালী করা’ এবং ‘দুর্বলতা কাটিয়ে ওঠা’—দুই দিকেই গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে সেবা বাণিজ্য ও পণ্য বাণিজ্যের মধ্যে আরও কার্যকর সংযোগ গড়ে উঠবে এবং বাণিজ্যিক শক্তিশালী দেশ গঠনে সহায়তা পাওয়া যাবে।
এই পরিকল্পনায় সেবা বাণিজ্যের উন্নয়নের জন্য একটি সুসংহত ও সামগ্রিক রূপরেখা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সেবা বাণিজ্য উন্নয়নের মূল বিষয়টিও যথাযথভাবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ, সরবরাহ ও উৎপাদনের পাশাপাশি চাহিদা ও ভোগের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বলা যায়, উৎপাদন ও ভোগকে পরস্পরের পরিপূরক করে তোলার একটি কার্যকর কাঠামো তৈরি হয়েছে।
চাও চুংশিউ আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন নতুন গুণগত উৎপাদনশীলতা বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এর মধ্যে রয়েছে অবকাঠামো, গণনাশক্তি, প্রযুক্তির প্রয়োগ, দক্ষ জনশক্তির সহায়তা এবং বিভিন্ন প্রয়োগক্ষেত্র। ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘প্রযুক্তি + সরঞ্জাম + সেবা’—এ ধরনের নতুন সেবা খাতও তৈরি হয়েছে।
তার মতে, চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য অত্যন্ত ভালো পরিবেশ ও সুযোগ রয়েছে। দেশটি শুধু নিজের বিশাল অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করতে পারে না, বরং আন্তর্জাতিক বাজারেও সেবা দিতে পারে। বিশেষ করে, শিল্পায়নের পথে এগিয়ে চলা বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জন্য চীনের এ ধরনের সেবা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, চীন বিশ্ব সেবা শিল্পের উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে আরও কার্যকর সেবা সরবরাহ ব্যবস্থা গড়ে তুলেছে। শিল্প খাতে প্রতিযোগিতার দিক থেকেও আগামী পাঁচ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারাবাহিক নীতি ও বিভিন্ন সহায়ক ব্যবস্থা এ খাতের উন্নয়নকে এগিয়ে নেবে।
চাও বলেন, সেবা খাতের ধরন অনেক। বিভিন্ন বিভাগ ও শিল্পের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। প্রযুক্তি ও দক্ষ জনশক্তির ক্ষেত্রে এখনও কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে চীন এখনও অন্যের ওপর নির্ভরশীল। এসব ক্ষেত্রে আরও অগ্রগতি প্রয়োজন। দক্ষ জনশক্তির অবাধ চলাচলেও কিছু দুর্বলতা রয়েছে।
এ ছাড়া সেবা শিল্পের উন্নয়নে আর্থিক সহায়তাও গুরুত্বপূর্ণ। শুধু দেশের অভ্যন্তরীণ উন্নয়নের ক্ষেত্রেই নয়, বিশেষ করে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সময় আর্থিক সেবা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকে। এসব ক্ষেত্রে উন্নয়নের পথে থাকা অদৃশ্য বাধাগুলো দূর করতে হবে। আগামী পাঁচ বছরে এ বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে এসব ক্ষেত্রের উন্নয়ন আধুনিক সেবা শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
চীনা আন্তর্জাতিক বাণিজ্য সমিতির সহসভাপতি চাও চুংশিউ আরও বলেন, বাজারের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্মুক্ততা সম্প্রসারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব ব্যবস্থা সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। শুধু নেতিবাচক তালিকা ছোট করলেই হবে না, এর সঙ্গে ধারাবাহিক নীতিগত নির্দেশনাও প্রয়োজন। এর ফলে উন্নত সেবা শিল্পসহ বিভিন্ন খাতের আন্তঃসীমান্ত বিনিয়োগ চীনে প্রবেশ করতে পারবে।
তার মতে, উৎপাদনমুখী হোক বা ভোক্তামুখী—সব ধরনের সেবা চীনের বাজারে প্রবেশ করতে পারবে। এতে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একই মঞ্চে প্রতিযোগিতা করার সুযোগ পাবে এবং তাদের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে জনগণের উন্নত জীবনযাত্রার চাহিদাও পূরণ হবে। এর ফলে উৎপাদন ও ভোগের মধ্যে সুস্থ ও পারস্পরিক উৎসাহব্যঞ্জক সম্পর্ক গড়ে উঠবে। এটাই অর্থনৈতিক উন্নয়নের প্রকৃত তাৎপর্য।
সিএমজি

















