মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক নেগারা মালয়েশিয়া’র সাথে দ্বিপক্ষীয় মুদ্রা সোয়াপ চুক্তি নবায়ন এবং এর পরিধি আরও বাড়িয়েছে চীন। শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘পিপলস ব্যাংক অব চায়না’।
চুক্তি অনুযায়ী, সোয়াপ বা মুদ্রাবিনিময়ের পরিমাণ ১৮০ বিলিয়ন থেকে বাড়িয়ে ২২০ বিলিয়ন ইউয়ান বা ১৩০ বিলিয়ন রিঙ্গিত করা হয়েছে। পিপলস ব্যাংক অব চায়না জানিয়েছে যে, পাঁচ বছর মেয়াদী এই চুক্তিটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে পরবর্তীতে আরও বাড়ানো সম্ভব।
চীন-মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই চুক্তি নবায়ন ও সম্প্রসারণের ফলে দু’দেশের আর্থিক ও মুদ্রানীতিগত সহযোগিতা আরও গভীর হবে। এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যে স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়বে। অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজতর হবে এবং সার্বিক আর্থিক বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: সিএমজি 

















