বাংলাদেশ-চীন সহযোগিতা ও জনগণের বন্ধুত্ব তুলে ধরছে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস : ড. লিউ ইয়ুইন - Mati News
Sunday, November 22

বাংলাদেশ-চীন সহযোগিতা ও জনগণের বন্ধুত্ব তুলে ধরছে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস : ড. লিউ ইয়ুইন

বাংলাদেশ ও চীনের মধ্যে উন্নয়ন সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের বন্ধুত্বের গল্প তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস’। এ পুরস্কার শুধু সাংবাদিকতার উৎকর্ষকে স্বীকৃতি দেয় না, বরং দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও গভীর করতেও অবদান রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইয়ুইন।

সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. লিউ ইয়ুইন বলেন, এশিয়ার সিল্ক রোড পর্বত ও সমুদ্র পেরিয়ে বিভিন্ন সভ্যতাকে একত্রিত করেছে এবং বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে বিনিময়ের ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে। আজ গণমাধ্যমকর্মীরা তাদের ক্যামেরা ও লেখনীর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করছেন, নতুন জানালা খুলে দিচ্ছেন এবং দুই দেশের বন্ধুত্বকে মানুষের হৃদয়ে আরও গভীরভাবে প্রোথিত করছেন।

তিনি বলেন, গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস শুধু সাংবাদিকতার উৎকর্ষকে স্বীকৃতি দেয় না, বরং বাংলাদেশ-চীন সহযোগিতার চিত্র তুলে ধরা, দুই দেশের জনগণের গল্প বলা এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গণমাধ্যমের অবদানকেও সম্মান জানায়।

এ সময় তিনি আয়োজক ও বিচারকমণ্ডলীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ-চীন বন্ধুত্বের প্রতি দীর্ঘদিনের সমর্থনের জন্য গণমাধ্যমকর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. লিউ ইয়ুইন বলেন, এ বছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১তম বার্ষিকী এবং বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণের ১০ বছর পূর্তি হচ্ছে। দুই দেশের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করছে এবং সামনে উন্নয়নের নতুন সুযোগ তৈরি হচ্ছে।

তিনি উল্লেখ করেন, এ বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নীত করা এবং নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায় গড়ে তোলার বিষয়ে যৌথ ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের দিকনির্দেশনা দিয়েছে।

চীন-বাংলাদেশ সহযোগিতার সুফল তুলে ধরে তিনি বলেন, দুই দেশের যৌথভাবে নির্মিত সেতু, সড়ক ও বিভিন্ন অবকাঠামো প্রকল্পের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনে আসা পরিবর্তনের মধ্যেও এই সহযোগিতার মূল্য প্রতিফলিত হয়। উন্নত যাতায়াত, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার এ সহযোগিতার উল্লেখযোগ্য উদাহরণ।

তিনি বলেন, সাংবাদিকরা এসব পরিবর্তন ও এর পেছনের গল্প তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের প্রতিবেদন ও সাক্ষাৎকারের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের মানবিক দিক ফুটে ওঠে এবং দুই দেশের জনগণের হৃদয়ে বন্ধুত্ব আরও গভীর হয়।

চীনের উন্নয়ন প্রসঙ্গে ড. লিউ ইয়ুইন বলেন, এ বছর চীনের ১৫তম পাঁচসালা পরিকল্পনা শুরু হয়েছে। উচ্চমানের উন্নয়ন, উচ্চমানের উন্মুক্তকরণ এবং বাংলাদেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করে নেওয়ার পথে চীন এগিয়ে যাবে। প্রযুক্তিগত উদ্ভাবন, সবুজ উন্নয়ন, গ্রামীণ পুনরুজ্জীবন ও মানুষের জীবনমান উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে চীনের অভিজ্ঞতা গণমাধ্যমের জন্য অনেক গুরুত্বপূর্ণ গল্প ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে।

চীনের উন্নয়ন ও দেশটির কমিউনিস্ট পার্টির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, চীনকে বুঝতে হলে চীনা কমিউনিস্ট পার্টিকে বোঝা প্রয়োজন। দলটির আত্মসংস্কার, কঠোর আত্মশাসন এবং শাসনব্যবস্থা সম্পর্কে ধারণা অর্জন চীনের উন্নয়নের পেছনের প্রতিষ্ঠান, চিন্তাধারা ও শক্তিগুলো বুঝতে সহায়ক হবে। এ বিষয়ে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের আরও গভীরভাবে জানার আহ্বান জানান তিনি।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনটি পরামর্শ তুলে ধরেন ড. লিউ ইয়ুইন। প্রথমত, তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ-চীন বন্ধুত্বের ইতিহাস তুলে ধরতে হবে এবং মানুষের জীবনঘনিষ্ঠ গল্পের প্রতি মনোযোগ দিতে হবে। দ্বিতীয়ত, পেশাদার সাংবাদিকতার মাধ্যমে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদার করতে হবে। তৃতীয়ত, সৃজনশীল গল্প বলার মাধ্যমে দুই দেশের জনগণকে আরও কাছাকাছি আনতে হবে এবং সভ্যতার মধ্যে বিনিময় এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, জটিল ও পরিবর্তনশীল বিশ্বে নির্ভুল, ভারসাম্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি মূল্যবান।

গণমাধ্যমকর্মীদের ন্যায্যতা ও বস্তুনিষ্ঠতার নীতি অনুসরণ করে তথ্যনির্ভর আলোচনা ও প্রতিবেদন তৈরির মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা বাড়াতে হবে।

যৌথ প্রতিবেদন, কনটেন্ট বিনিময় এবং নতুন গণমাধ্যম প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের পাশাপাশি সাধারণ মানুষের গল্প ও কণ্ঠস্বরকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। উষ্ণতা, সৃজনশীলতা ও আকর্ষণীয় গল্প বলার মাধ্যমে গণমাধ্যম ভাষা ও ভৌগোলিক দূরত্ব অতিক্রম করে দুই দেশের বন্ধুত্বকে প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নিতে পারে।

ড. লিউ ইয়ুইন জানান, বাংলাদেশ ও চীনের গণমাধ্যম সম্প্রদায়ের মধ্যে বিনিময় ও সহযোগিতার জন্য চীনা দূতাবাস ভবিষ্যতেও বিভিন্ন প্ল্যাটফর্ম ও সহায়তা অব্যাহত রাখবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানান এবং তাদের পেশাগত জীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ-চীন বন্ধুত্ব দীর্ঘজীবী হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

তথ্য ও ছবি- সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *