বিশ্বের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে জি২০ সদস্যদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় শনিবার অনুষ্ঠিত জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আহ্বান জানান চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা চাওসু।
তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতিতে গভীর পরিবর্তন ঘটছে। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা গুরুতরভাবে পিছিয়ে পড়েছে। এ অবস্থায় জি২০কে তার যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
মা চাওসু বলেন, বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জি২০কে কার্যকর শক্তি হিসেবে ভূমিকা রাখতে হবে। আঞ্চলিক বিভিন্ন সংকটপূর্ণ পরিস্থিতির উত্তেজনা কমাতে, সংঘাতের মূল কারণগুলো মোকাবিলা এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারে সংগঠনটির উদ্যোগ নেয়া প্রয়োজন।
জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে জি২০ভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও গভীর করার পক্ষে চীনের সমর্থনের কথাও জানান তিনি। তার মতে, জ্বালানির ব্যয় মানুষের নাগালের মধ্যে রাখা, জ্বালানি কাঠামোর রূপান্তর এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক জ্বালানি শাসনব্যবস্থা উন্নত করা জরুরি।
একই সঙ্গে বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা এবং নির্বিঘ্ন কার্যক্রম বজায় রাখতে জি২০ সদস্যদের বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান চীনা উপপররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং ইউক্রেন সংকট নিয়ে চীনের অবস্থানও তুলে ধরেন মা চাওসু।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খল নিয়ে আলোচনা হয়। আগামী ডিসেম্বরে ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনের আগে এই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো।
সূত্র: সিএমজি




















