মাহমুদ হাশিম

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৃহস্পতিবার শেনচেনে অনুষ্ঠিত ৩৩তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের অর্থনৈতিক নেতাদের বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে একটি সুসংহত সম্প্রদায় হিসেবে গড়ে তুলতে এবং এই অঞ্চলের ‘অলৌকিক সাফল্যের’ নতুন অধ্যায় রচনায় আরও জোরালো প্রচেষ্টার আহ্বান জানান।
বিশেষজ্ঞদের মতে, এই সম্মেলনে সি চিন পিংয়ের ভাষণ একটি শক্তিশালী ও অধিকতর সমন্বিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গড়ে তোলার ক্ষেত্রে চীনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। এটি গত তিন দশকের অর্জনকে ভিত্তি করে এই অঞ্চলের ভবিষ্যতের উন্নয়নের জন্য একটি রূপরেখাও প্রদান করে।
তাঁরা আরও বলেন, এই দৃষ্টিভঙ্গি আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে, যৌথ উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করতে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বৃহত্তর পরিসরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনে অবদান রাখতে পারে।
বৃহস্পতিবারের ভাষণে প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন যে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গড়ে তোলার জন্য প্রয়োজন সংহতি ও পারস্পরিক সহায়তা, উন্মুক্ততা ও সমন্বয়, উদ্যোগ ও উদ্ভাবন, এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন।
অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ‘চায়না স্টাডিজ সেন্টার’-এর পরিচালক হার্বার্ট সিমা বলেন, এই উপাদানগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এবং একে অপরকে শক্তিশালী করে তোলে। এগুলো কেবল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতার দিকনির্দেশনাই দেয় না, বরং বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলার ক্ষেত্রেও মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।
এই বিশেষজ্ঞ ব্যাখ্যা করেন যে, সংহতি ও পারস্পরিক সহায়তা হলো সহযোগিতার ভিত্তি; উন্মুক্ততা ও সংযোগ উন্নয়নের পথ প্রশস্ত করে; উদ্ভাবন ও অগ্রগতি প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করে; আর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করে যে, এই সহযোগিতা যেন টেকসই হয় এবং সব পক্ষই এর সুফল ভোগ করতে পারে।
নিজের বক্তব্যে চীনের প্রেসিডেন্ট গত ত্রিশ বছরেরও বেশি সময় ধরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ঘটে যাওয়া ‘অলৌকিক’ সাফল্যের পর্যালোচনা করেন। তিনি নতুন সুযোগ ও চ্যালেঞ্জের প্রেক্ষাপটে পরিবর্তিত বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়া, নতুন পদক্ষেপ গ্রহণ করা এবং এ অঞ্চলে সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনের ওপর জোর দেন।
জাকার্তাভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘প্যারা সিন্ডিকেট’ এর নির্বাহী পরিচালক ভিরদিকা রিজকি উতামা বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এই অভাবনীয় সাফল্যের পেছনে ছিল উন্মুক্ত সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের সমন্বয়।
তিনি আরও বলেন, এশিয়া-প্যাসিফিক সম্প্রদায় গড়ে তোলার বিষয়ে সি চিন পিং যে গুরুত্বারোপ করেছেন, তা এই অঞ্চলের বর্তমান চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় একটি কার্যকর সমাধান এবং ভবিষ্যতের সহযোগিতার জন্য একটি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি প্রদান করে।
এই বিশেষজ্ঞ বিশেষ করে সি চিন পিংয়ের বক্তব্যে উল্লিখিত ‘উন্মুক্ত আঞ্চলিকতাবাদ’-এর ধারণার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ইন্দোনেশিয়ার মতো উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জন্য এর অর্থ হলো—বৃহত্তর বাজারে প্রবেশাধিকার এবং আরও সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।
ভিয়েতনাম একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেসের ‘ইনস্টিটিউট ফর ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকাস স্টাডিজ’-এর গবেষক ট্রান থি হাই ইয়েন বলেন, প্রেসিডেন্ট সি’র এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত সময়োপযোগী; এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বর্তমান চারটি বাস্তব চাহিদা পূরণ করে।
তিনি আরও যোগ করেন, এ বছর এপেকের পালাক্রমিক সভাপতি হিসেবে চীন সহযোগিতার দিকনির্দেশনা আরও স্পষ্ট করেছে এবং যৌথ প্রচেষ্টাকে ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে, যা দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সুনির্দিষ্ট সহযোগিতামূলক কর্মসূচিতে রূপান্তর করতে সহায়তা করবে।
অস্ট্রেলিয়া এপেকের স্টাডি সেন্টারের পরিচালক ক্রেইগ এমারসন বলেন, ইতিহাস প্রমাণ করে যে, পারস্পরিক বাণিজ্যের মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ হতে পারে। চীনের প্রেসিডেন্ট আবারও বাণিজ্য সহযোগিতা এবং উন্মুক্ত আঞ্চলিকতাবাদের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।
অস্ট্রেলিয়ার সাবে এই বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন যে, সাম্প্রতিক বছরগুলোতে যখন বাণিজ্য উদারীকরণের বিষয়ে সংশয় বাড়ছে, তখন এ ধরনের মন্তব্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
সিএমজি বাংলা।

















