সেনেগালে চীন-আফ্রিকা এআই মিডিয়া প্রশিক্ষণ কর্মসূচি - Mati News
Saturday, November 28

সেনেগালে চীন-আফ্রিকা এআই মিডিয়া প্রশিক্ষণ কর্মসূচি

সেনেগালের রাজধানী ডাকারে শুক্রবার দুই দিনব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি মিডিয়া প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং চীন-আফ্রিকা মিডিয়া সহযোগিতাকে আরও গভীর করাই এই কর্মসূচির লক্ষ্য।

চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন (এনআরটিএ) এবং সেনেগালের যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই ‘চীন-আফ্রিকা এআই মিডিয়া প্রশিক্ষণ’ কর্মসূচিতে সরকারি প্রতিষ্ঠান, মূলধারার গণমাধ্যম এবং উদ্ভাবনী উদ্যোগের প্রায় ৩০ জন অংশগ্রহণকারী যোগ দিয়েছেন।

কর্মসূচিটি পরিচালনা করছে এনআরটিএ’র একাডেমি অফ ব্রডকাস্টিং সায়েন্স।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনেগালের যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী বাকারি সার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, টেলিযোগাযোগ, সম্প্রচার এবং অডিও-ভিজ্যুয়াল উদ্ভাবনের ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা সেনেগালের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য শেখার এক মূল্যবান সুযোগ তৈরি করেছে।

সেনেগালে নিযুক্ত চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান লি ফেই বলেন, চীন ও সেনেগাল হলো সামগ্রিক কৌশলগত সহযোগিতার অংশীদার। এই প্রশিক্ষণের মাধ্যমে অডিও-ভিজ্যুয়াল উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ যুক্ত হচ্ছে, যা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও জনগণের মধ্যকার বিনিময়ে নতুন প্রাণশক্তি যোগ করবে।

লি ফেই আরও বলেন, ‘মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার’ দর্শনের আলোকে চীন ‘কল্যাণমূলক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য এআই’-এর পক্ষে কাজ করছে। চীন আফ্রিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিনিময় ও সহযোগিতা গভীর করতে এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে প্রস্তুত।

তিনি অংশগ্রহণকারীদের নতুন প্রযুক্তি প্রয়োগে অগ্রগামী হওয়ার, সেনেগালের স্থানীয় গল্পগুলো ভালোভাবে তুলে ধরার এবং চীন-সেনেগাল ও চীন-আফ্রিকা মৈত্রী প্রসারে ভূমিকা রাখার আহ্বান জানান।

এনআরটিএ’র আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের কর্মকর্তা শি চিইয়ান জানান, এই প্রশিক্ষণটি ‘রেডিও, টিভি ও অডিও-ভিজ্যুয়াল উদ্ভাবনের ক্ষেত্রে চীন-আফ্রিকা সহযোগিতা উদ্যোগ’-এর একটি অংশ। এর লক্ষ্য হলো সেনেগালের গণমাধ্যমকর্মীদের বিষয়বস্তু (কনটেন্ট) তৈরির দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা।

দু’দিনব্যাপী এই প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনুষ্ঠান তৈরি, চিত্রনাট্য লিখন এবং টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণের ওপর ব্যবহারিক সেশন রয়েছে, যা অংশগ্রহণকারীদের স্টোরিবোর্ডিং থেকে শুরু করে চূড়ান্ত ভিডিও নির্মাণ পর্যন্ত বিভিন্ন দক্ষতা অর্জনে সহায়তা করছে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *