চীনের সংশোধিত পানি আইন পাস হয়েছে। আজ (শুক্রবার) চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ২৫তম অধিবেশনে আইনটি গৃহীত হয়। ২০২৭ সালের ২২ মার্চ থেকে এটি কার্যকর হবে।
সংশোধিত পানি আইনে মোট ৯টি অধ্যায় রয়েছে। এগুলোতে সাধারণ বিধান, পানি সম্পদ পরিকল্পনা, সুরক্ষা, উন্নয়ন ও ব্যবহার, বণ্টন ও সংরক্ষণ, নদী ও হ্রদ ব্যবস্থাপনা এবং সুরক্ষা, পানি প্রকল্প নির্মাণ ও পরিচালনা, পানিসম্পদ-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও তত্ত্বাবধান, আইনগত দায়বদ্ধতা এবং সম্পূরক বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইনে বলা হয়েছে, পানি সম্পদের সুরক্ষা, উন্নয়ন, ব্যবহার ও সংরক্ষণের পাশাপাশি পানিসম্পদ-সংশ্লিষ্ট দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এবং সরকারের নির্দেশনা, নীতিমালা ও সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে পানি ব্যবস্থাপনাবিষয়ক জাতীয় কৌশল অনুসরণ করতে হবে।
এ ছাড়া পানি সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া, আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা এবং সামগ্রিক ও সমন্বিত ব্যবস্থাপনার নীতি অনুসরণের কথা বলা হয়েছে। পানি ব্যবস্থাপনায় সরকার ও বাজারের যৌথ ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি পানিসম্পদের বহুমুখী ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আইনে পানি সম্পদ, জলজ বাস্তুতন্ত্র, জলীয় পরিবেশ এবং বন্যা নিয়ন্ত্রণের মধ্যে সমন্বয় সাধনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্র: সিএমজি


















