নভেম্বর ২৭: বেইজিংয়ে চীন ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতার ৪০তম বার্ষিকী উপলক্ষে একটি উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হয়েছে গতকাল (বৃহস্পতিবার)। ‘৪০ বছর হাতে হাত রেখে, নতুন ভবিষ্যতের প্রত্যাশা’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে চীন ও এডিবির সহযোগিতা এবং অংশীদারত্বের সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়।
ফোরামে চীনের অর্থমন্ত্রী লান ফো আন বলেন, গত ৪০ বছরে এডিবি চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ায় গভীরভাবে অংশ নিয়েছে। দারিদ্র্য বিমোচন, উন্নয়ন, বৈদেশিক উন্মুক্তকরণ ও সংস্কার এবং বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে চীনের সংযোগ স্থাপনে ইতিবাচক অবদান রেখেছে এডিবি।
দুই পক্ষের সহযোগিতা বরাবরই চীনের উন্নয়নের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল বলে জানান লান ফো আন। তিনি বলেন, পারস্পরিক উপকারিতা, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তির চেতনা অনুসরণ করে এ সহযোগিতা ধাপে ধাপে কার্যকর সাফল্য অর্জন করেছে।
অর্থমন্ত্রী আরও বলেন, নতুন অধ্যায়ের জন্য এডিবি ‘চীনের দেশীয় অংশীদারত্ব কৌশল’ প্রণয়ন করেছে। পুঁজি সহযোগিতা উন্নত করা, জ্ঞান বিনিময় সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা গভীরতর করার মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া হবে।
এডিবির সভাপতি মাসাতো কান্দা বলেন, গত ৪০ বছরে এডিবি ও চীনের সহযোগিতামূলক অংশীদারত্ব ক্রমাগত উন্নত হয়েছে। চীনের উন্নয়ন ও পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এ সহযোগিতা নতুন তাৎপর্য অর্জন করেছে। চীনের সঙ্গে এ ধরনের সহযোগিতার জন্য এডিবি গর্বিত বলেও জানান তিনি। ভবিষ্যতেও পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ অংশীদারত্ব আরও জোরদার করবে এডিবি।
মাসাতো আরও বলেন, চীন অন্যান্য দেশের সঙ্গে তার উন্নয়নের অভিজ্ঞতা বিনিময় করে আসছে। এডিবিও এ ধরনের দেশগুলোকে সহায়তা দিতে পারে।
সিএমজি


















