এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্তবাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় হংকং: জন লি - Mati News
Friday, November 20

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্তবাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় হংকং: জন লি

আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান কাজে লাগিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে আরও মুক্তবাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করতে চায় হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল (এসএআর)। অঞ্চলটির প্রধান নির্বাহী জন লি খা-ছিউ এ কথা বলেন।

বৃহস্পতিবার দক্ষিণ চীনের শেনচেনে শেষ হওয়া ৩৩তম এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার (এপেক) ইকোনমিক লিডার্স মিটিংয়ে অংশগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লি।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মূল ভূখণ্ড চীন ও বিশ্বের মধ্যে ‘সুপার-সংযোগকারী’ এবং ‘সুপার ভ্যালু-অ্যাডার’ হিসেবে কাজ করার ক্ষেত্রে হংকংয়ের বিস্তৃত আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।“

তিনি বলেন, ‘এপেক এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমরা হংকং এসএআর-কে আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে তুলে ধরতে পারি। একইসঙ্গে বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারি। আমাদের ১৫টি বিদেশি অর্থনৈতিক ও বাণিজ্য কার্যালয় (ইটিও), হংকং বাণিজ্য উন্নয়ন কাউন্সিল এবং ইনভেস্ট হংকংয়ের কার্যালয়ের মাধ্যমে আমাদের নেটওয়ার্ক ৬৮টি শহর ও ১২৯টি দেশ পর্যন্ত বিস্তৃত।‘

এপেক-ভুক্ত অর্থনীতিগুলোর সঙ্গে বাণিজ্য হংকংয়ের মোট বৈদেশিক বাণিজ্যের ৮৭ শতাংশ বলে উল্লেখ করেন লি। পাশাপাশি নতুন উদীয়মান বাজারে প্রবেশ, আঞ্চলিক বাণিজ্য চুক্তিতে যুক্ত হওয়া এবং হংকংয়ের নিজস্ব কৌশলগত উদ্যোগ এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

চীনের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে নিজেদের কার্যক্রম সমন্বয় এবং বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এর আওতায় রয়েছে চীনের হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের ৯টি শহর।

তিনি এ লক্ষ্য অর্জনে সহায়ক উদ্যোগ হিসেবে শেনচেনের কাছাকাছি হংকংয়ের উত্তরাঞ্চলে গড়ে ওঠা নর্দার্ন মেট্রোপলিস উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করেন।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *