বিশ্ব পরিচালনায় জাতিসংঘের ভূমিকা জোরদারের আহ্বান চীনের - Mati News
Sunday, November 15

বিশ্ব পরিচালনায় জাতিসংঘের ভূমিকা জোরদারের আহ্বান চীনের

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত বৈশ্বিক শাসন উদ্যোগ এক বছর পর আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। উদ্যোগটির লক্ষ্য বাস্তবায়নে তিনি সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

শুক্রবার চীনের হ্যপেই প্রদেশের সিয়ংআন নিউ এরিয়ায় ২০২৬ বৈশ্বিক শাসন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্যে এসব কথা বলেন ওয়াং ই। তিনি বলেন, বৈশ্বিক পরিচালনার ঘাটতি মোকাবিলা এবং উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

ওয়াং ই জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা বজায় রাখা, নিরাপত্তা পরিষদের দ্রুত সাড়া দেয়ার সক্ষমতা বাড়ানো এবং উন্নয়নশীল দেশগুলোর যৌক্তিক উদ্বেগের প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিষয়ে গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব ও মতামত তুলে ধরার সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কার, বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা বজায় রাখা এবং জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন জরুরি।

চীনের পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্স আয়োজিত এ ফোরামে ৯০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ৪০০ প্রতিনিধি অংশ নেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *