আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ফ্রান্সের সাহিত্যে নোবেলজয়ী জ্যঁ-মারি গুস্তাভ লে ক্লেজিও, সিঙ্গাপুরের বিশিষ্ট শিক্ষাবিদ কিশোর মাহবুবানি-সহ ১০ বিদেশি নাগরিককে সম্মাননা দিয়েছে চীন।
শুক্রবার বেইজিংয়ে ২০২৬ সালের তৃতীয় অর্কিড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং প্রচার বিভাগের প্রধান লি শুলেই।
চীনের রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তর, আন্তর্জাতিক সংস্থা, কূটনৈতিক মিশন, দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিসহ ৩০০ জনের বেশি অতিথি অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন সভ্যতার মধ্যে সমতা ও অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা। তারা মানবসভ্যতার ঐতিহ্য সংরক্ষণ, উত্তরাধিকার বহন এবং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সভ্যতার অগ্রগতির সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এক নিয়মিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বলেন, সংস্কৃতির মাধ্যমে ভুল ধারণা ও কুসংস্কার দূর করা, পারস্পরিক বিনিময়ের মাধ্যমে বোঝাপড়া বাড়ানো এবং চীনের সঙ্গে অন্যান্য দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে তাঁরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত অর্কিড অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো মানবজাতির অভিন্ন মূল্যবোধের প্রসার এবং চীনা ও বিদেশি সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া।
সিএমজি




















