শাসন, সংস্কার ও উন্নয়ন: চীনের উত্থানের নেপথ্য কৌশল
তাসরিফ আহাদ তীর্থ
বিশ শতকের শেষ দিকে যে দেশটির মাথাপিছু আয় ছিল মাত্র কয়েক শত ডলার, আজ সেই দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। এত অল্প সময়ে চীনের এই রূপান্তরের পেছনে রয়েছে একটি সুচিন্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল, যে কৌশল বিশ্বের বহু দেশ অনুকরণের চেষ্টা করছে, আবার অনেকে করছে সমালোচনা। চীনের শাসনব্যবস্থা ও উন্নয়ন মডেল নিয়ে বিশ্বজুড়ে অনেক বিতর্ক রয়েছে। একদিকে লিবারেল গণতন্ত্রের পণ্ডিতরা বলছেন, চীনের এই উন্নয়ন টেকসই নয়, কারণ এতে রাজনৈতিক স্বাধীনতার জায়গা নেই। অন্যদিকে বহু উন্নয়নশীল দেশের নীতিনির্ধারকরা চীনের মডেলকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন। এই দুই মেরুর মাঝখানে দাঁড়িয়ে চীনের বাস্তবতাকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করা এখন সময়ের দাবি।
একদলীয় রাষ্ট্রে বহুস্তরীয় শাসন
চীনের রাজনৈতিক ব্যবস্থা পশ্চিমা গণতন্ত্রের ধারণার সাথে মেলে না। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) ১৯৪৯ ...












