চীনের হাই-টেক মেলায় ১২০টিরও বেশি দেশের প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠান - Mati News
Friday, November 27

চীনের হাই-টেক মেলায় ১২০টিরও বেশি দেশের প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠান

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে বৃহস্পতিবার শুরু হয়েছে ২৮তম চায়না হাই-টেক মেলা। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের বাজারে প্রবেশ এবং প্রযুক্তিখাতে সহযোগিতার সুযোগ খুঁজে নেওয়ার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এ মেলা।

তিন দিনব্যাপী এ মেলায় মোট ৪ লাখ বর্গমিটার প্রদর্শনী এলাকা রয়েছে। এতে ১২০টির বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৫ হাজার কোম্পানি ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

একজন সুইস প্রদর্শক বলেন, ‘কম্পিউটার শীতল রাখার জন্য আমাদের এখানে কিছু পণ্য রয়েছে। এটি একটি নতুন প্রযুক্তি। ইতোমধ্যে অনেক দর্শনার্থী আমাদের স্টল পরিদর্শন করেছেন। এবারই প্রথম আমরা এখানে অংশ নিয়েছি। মেলাটি এত বড় হবে, তা আমাদের জানা ছিল না। তাই আগামী বছর আবারও আসব এবং আরও বেশি পণ্য নিয়ে অংশ নেব।’

কুয়াংতোংয়ে নিযুক্ত গ্রিসের কনসাল জেনারেল জিনা আন্দ্রিয়াদি বলেন, ‘গ্রিসের স্টার্টআপ খাত বেশ সমৃদ্ধ। আমাদের স্টলে যেসব কোম্পানি প্রতিনিধিত্ব করছে, সেগুলো সাইবার নিরাপত্তা থেকে শুরু করে লজিস্টিকস, এআইভিত্তিক লজিস্টিকস এবং এআই অবকাঠামো খাতে কাজ করছে।’

মালয়েশিয়ার একজন ক্রেতা বলেন, ‘আমরা মূলত দেখতে চাই, গ্রাহকসেবার কাজে সহায়তার জন্য কোনো রোবট পাওয়া যায় কি না। এ বিষয়ে আমাদের একটি প্রাথমিক বাজেটও রয়েছে।‘

চায়না গ্যাস হোল্ডিংসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লিউ মিংহুই মেলায় একটি বুদ্ধিমানব্যবস্থার প্রচার করতে গিয়ে বলেন, ‘গ্যাস সরবরাহের মতো পুরনো শিল্পেও নতুন প্রযুক্তির প্রয়োগের ফলে অনেক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।‘

তিনি বলেন, ‘এই ব্যবস্থার মাধ্যমে স্টেশন থেকে পাইপলাইন নেটওয়ার্ক, আবাসিক প্রাঙ্গণ এবং গ্রাহক পর্যন্ত গ্যাস পরিবহন ও বিতরণের পুরো প্রক্রিয়া সমন্বিতভাবে নিয়ন্ত্রণ করা হয়। গ্যাস সরবরাহ ও ক্রয় কার্যক্রমে এআই প্রযুক্তি যুক্ত হয়েছে। ইউরোপ, মধ্য এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকায় আমাদের ব্যবসা সম্প্রসারিত হয়েছে। ভবিষ্যতে আমরা আমেরিকা মহাদেশেও কার্যক্রম সম্প্রসারণ করতে পারি।’

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *