দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন শহরে অনুষ্ঠিত ‘এপেক সিইও সামিট ২০২৬’-এ এশিয়া-প্যাসিফিক মুক্তবাণিজ্য অঞ্চল গঠন এবং ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তাখাতে সহযোগিতা জোরদারের বিষয়টি ব্যবসায়ী প্রতিনিধি ও অর্থনীতিবিদদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে।
গত মঙ্গলবার শেনচেনে শুরু হওয়া দুই দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে এপেকভুক্ত ২১টি অর্থনীতির পাশাপাশি ১৩টি এপেকের বাইরের অর্থনীতির দুই হাজারেরও বেশি রাজনৈতিক ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।
সম্মেলনে আমেরিকান চেম্বার অব কমার্স ইন চায়নার প্রেসিডেন্ট মাইকেল হার্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য প্রসারে চীনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘চীন বৈশ্বিক ও এশিয়া-প্যাসিফিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই অঞ্চলের কোম্পানিগুলোর একত্র হয়ে সহযোগিতার পথ খুঁজে বের করার জন্য এপেক একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’
চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের ভাইস প্রেসিডেন্ট ছাই কুয়াংচোং বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিদেশের বাজারে আরও বেশি গ্রাহককে সেবা দেওয়ার ক্ষেত্রে এপেক চমৎকার সুযোগ তৈরি করে দিচ্ছে। তিনি উল্লেখ করেন, এই অঞ্চলের বিস্তৃত শিল্প চেইন অংশগ্রহণকারী কোম্পানিগুলোর জন্য নতুন ব্যবসার দ্বার উন্মোচন করছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীন ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন ফর বে এরিয়াস ইকোনমিক কো-অপারেশন’ প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানায়। পাশাপাশি সেবাখাত উন্মুক্ত করতে শুল্ক হ্রাস, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং নীতিগত সংস্কারের মাধ্যমে বিশ্বব্যাপী কোম্পানিগুলোর জন্য আরও স্থিতিশীল ও উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরির অঙ্গীকার করে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জেফরি স্যাক্স বহুপাক্ষিকতাবাদ এবং চীনের উন্নয়ন দৃষ্টিভঙ্গির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাদের একটি বহুপাক্ষিকব্যবস্থা, শান্তি, সহযোগিতা এবং বৈশ্বিক উন্নয়নে সবার জন্য লাভজনক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। চীনের সব উদ্যোগই অত্যন্ত ইতিবাচক এবং আমি এর প্রশংসা করি।‘
এ ছাড়া চীনের প্রধান সাংস্কৃতিক ও শিল্প মুদ্রণ প্রতিষ্ঠান আর্ট্রন আর্ট গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়ান চিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সাংস্কৃতিক বিনিময়ে ডিজিটাল প্রযুক্তি ও এআইয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডিজিটালাইজড কনটেন্টের মাধ্যমে এ অঞ্চলের সাংস্কৃতিক যোগাযোগ আরও নিবিড় হবে এবং এপেক এর জন্য একটি চমৎকার মাধ্যম হিসেবে কাজ করছে।
সিএমজি















