সাইবার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ার আহ্বান চীনের - Mati News
Monday, October 12

সাইবার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ার আহ্বান চীনের

সাইবার নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সম্প্রতি চীনভিত্তিক কথিত সাইবার হামলা ও হ্যাকিং কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিঅ্যাওজে) যে বক্তব্য দিয়েছে, তার জবাবে এক প্রশ্নে মাও নিং চীনের এই অবস্থানের কথা তুলে ধরেন।

এ সময় তিনি জোর দিয়ে বলেন, চীন দেশের আইন অনুযায়ী সব ধরনের হ্যাকিং কার্যক্রমের কঠোর বিরোধিতা করে এবং তা দমনে কার্যকর পদক্ষেপ নেয়। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানো এবং বিভ্রান্তি সৃষ্টিরও তীব্র বিরোধিতা করে আসছে তার দেশ।

সাইবার নিরাপত্তাকে চীন ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মাও নিং জানান, যুক্তরাষ্ট্র যেন তাদের ‘দ্বিমুখী নীতি’ এবং রাজনৈতিক মারপ্যাঁচ বন্ধ করে। একই সঙ্গে সমঅধিকার ও সম্মানের ভিত্তিতে আলোচনার মাধ্যমে সাইবার ঝুঁকিগুলো যৌথভাবে মোকাবিলা করা এবং শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখারও অনুরোধ জানান তিনি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *